ঢাকা, ১০ আগস্ট সোমবার, ২০২৬ || ২৬ শ্রাবণ ১৪৩৩
good-food

এসএসসি: ৬৬৯ স্কুলে সবাই পাস, ৩১২ প্রতিষ্ঠানে কেউ উত্তীর্ণ হয়নি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫১ ১০ আগস্ট ২০২৬  

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাফল্যের হারে বড় ধরনের তারতম্য দেখা গেছে। দেশের মোট ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৬৬৯টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করলেও ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

গত বছরের তুলনায় এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

২০২৫ সালে যেখানে ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই পাস করেছিল, এবার সেই সংখ্যা কমে ৬৬৯টিতে দাঁড়িয়েছে। অন্যদিকে গত বছর ১৩৪টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করলেও এ বছর সেই সংখ্যা বেড়ে ৩১২টিতে পৌঁছেছে।

সামগ্রিক ফলাফলেও গত বছরের তুলনায় কমেছে পাশের হার। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে, যা গত বছর ছিল ৬৮.৪৫ শতাংশ। পাসের হারের পাশাপাশি কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও।

গত বছর সারাদেশে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও চলতি বছর তা কমে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে নেমেছে। সব মিলিয়ে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার, জিপিএ-৫ এবং শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যায় গতবছরের তুলনায় কম।