ঢাকা, ০৯ আগস্ট রোববার, ২০২৬ || ২৫ শ্রাবণ ১৪৩৩
good-food

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪২ ৯ আগস্ট ২০২৬  

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন আগামী ১১ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে পারবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আরও জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশ করা হবে। ওই দিন সকালে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল হস্তান্তর করবেন।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। কোনো বোর্ড বা মন্ত্রণালয় থেকে সরাসরি ফলাফল সরবরাহ করা হবে না।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের ইআইআইএন ব্যবহার করে বোর্ড ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে 'SSC' লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর (২০২৬) লিখে ১৬১৪০ বা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে। উদাহরণস্বরূপ ‘SSC Dha 123456 2026’ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। সাধারণ শিক্ষার্থী ছাড়াও মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষার্থীরাও একইভাবে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবে।