ঢাকা, ০২ সেপ্টেম্বর বুধবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
৩৪৯

বাস ভাড়া বাড়লো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৭ ২৩ এপ্রিল ২০২৬  

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ ঘোষণা দেন।

তিনি বলেন, “জনস্বার্থ বিবেচনা করে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। আন্তঃজেলায় ৫২ সিটের গাড়ির ভাড়াও প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ডিটিসি ও মিনিবাসের ভাড়াও একই হারে বাড়িয়ে সমন্বয় করা হয়েছে।”

ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আর দূরপাল্লার পথে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

শেখ রবিউল আলম বলেন, “আন্তর্জাতিক সংকট সৃষ্টি হওয়ার পর সরকার প্রায় দেড় মাসের মতো চেষ্টা করেছে জ্বালানি তেলের দাম না বাড়াতে। পরবর্তীতে ন্যূনতম রেটে এটি বাড়ানো হয়েছে। প্রতি লিটারে ১৫ টাকার মতো বৃদ্ধি পাওয়ায় পরিবহন খাতে ভাড়া বাড়ানোর একটি দাবি উত্থাপিত হয়েছিল। বিষয়টি নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি।”

ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিষয়টিকে কেবল সমন্বয় করতে চেয়েছি। যেহেতু জ্বালানির দাম বেড়েছে, তাই সমন্বয়ের একটি দাবি ছিল। সেটি বিবেচনায় নিয়ে দীর্ঘ সময় বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মন্ত্রী উল্লেখ করেন, ভাড়া বাড়ানোর ক্ষেত্রে মালিকদের পক্ষ থেকে কিছু যৌক্তিক দাবি ছিল। তবে সরকার সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করেই এই সমন্বয় নিশ্চিত করেছে।

গত ১৮ এপ্রিল সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়। 

এরপরই গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবি জানান মালিক ও শ্রমিকরা। অবশেষে তাদের মেনে নিলো সরকার।  

এর আগে ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল। সেবারও জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

 
জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর