ঢাকা, ২০ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ৬ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
১৫

চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৪ ২০ নভেম্বর ২০২৬  

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে নেই একাধিক নিয়মিত ক্রিকেটার। বিশ্রাম দেওয়া হয়েছে এইডেন মার্করাম, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনকে।

বিশ্রামে থাকবেন নিয়মিত ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা ও উইকেটরক্ষক রায়ান রিকেলটনও। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ। আর টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বিয়র্ন ফরটুইন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর শুরু হবে সাদা বলের লড়াই। ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ৪ ডিসেম্বর গকেবেরহা ও ৭ ডিসেম্বর কেপটাউনে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ ডিসেম্বর। পরের দুই ম্যাচ ১২ ও ১৩ ডিসেম্বর।

জোহানেসবার্গ টেস্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন বাভুমা। এ কারণে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে টেস্ট দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার সেনুরান মুথুস্বামীকে। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন মার্করাম। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকেরা।

এদিকে চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিদি। টেস্ট সিরিজের দলের সঙ্গে থেকেই পুনর্বাসনের শেষ ধাপ সম্পন্ন করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার পর এবার ওয়ানডে দলেও ফিরেছেন এনরিখ নরকিয়া। তিন বছরের বেশি সময় পর ওয়ানডে খেলার সুযোগ পেতে পারেন এই পেসার। আগামী বছর ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাঁকে দলে ফেরানো হয়েছে।

তবে চোটের কারণে দলে জায়গা হয়নি ওটনিল বার্টম্যানের। ডলফিনসের হয়ে অনুশীলনের সময় বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। একই ধরনের চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন এই পেসার। সিএসএ প্রো-২০ কাপে ফিরে এলেও নতুন চোটে আবারও পিছিয়ে গেল তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা।

বিশ্রামে থাকা নিয়মিত ক্রিকেটারদের জায়গায় সুযোগ পেয়েছেন কয়েকজন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দুই সংস্করণের দলেই ফিরেছেন উইকেটরক্ষক সিনেথেম্বা কেশিলে। প্রো-২০ কাপে সাত ইনিংসে ২৭৭ রান করেছেন তিনি। তার স্ট্রাইক রেট ১৯৭.৮৫। এর মধ্যে মাত্র ১৪ বলে একটি ফিফটিও রয়েছে। 

টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ডেওয়াল্ড ব্রেভিসকে অস্ট্রেলিয়া সিরিজে ওয়ানডে দলে না রাখলেও এবার ফিরিয়েছে নির্বাচকেরা। দুই সংস্করণের দলেই জায়গা পেয়েছেন লুয়ান-দ্রে প্রিটোরিয়াস।

দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড এনগিডির ফেরায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “লুঙ্গিকে ফিরে পাওয়া দারুণ ব্যাপার। টেস্ট দলের সঙ্গে থেকে সে পুনর্বাসনের শেষ ধাপ সম্পন্ন করেছে। আবার মাঠে নামার জন্য সে মুখিয়ে আছে। গত মৌসুমে সাদা বলের ক্রিকেটে সে আমাদের জন্য কতটা কার্যকর ছিল, তা আমরা দেখেছি। আশা করি, এবারও সেখান থেকেই শুরু করতে পারবে।”

নরকিয়ার ফেরা নিয়েও আশাবাদী কনরাড। তার মতে, “৫০ ওভারের ক্রিকেটে এনরিখকে অনেক দিন দেখা যায়নি। সে দলের জন্য কী করতে পারে, তা আমাদের জানা। টেস্ট দলে ফেরার পর যে ছন্দ পেয়েছে, এই সিরিজে সেটি আরও এগিয়ে নেওয়ার সুযোগ পাবে সে।”

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দল

কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা দল

বিয়র্ন ফরটুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, কুয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।