ঢাকা, ১৬ নভেম্বর সোমবার, ২০২৬ || ২ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৯

জমির প্রকৃত মালিক কে, অনলাইনে যাচাই করবেন যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৫ ১৬ নভেম্বর ২০২৬  

সরকারি কোনো দপ্তরের ঠিকানা জানা, সরকারি সেবা পাওয়ার নিয়ম, সামাজিক সমস্যার বিষয়ে প্রশাসনকে জানানো কিংবা বিভিন্ন সরকারি তথ্য জানতে এখন আর সব সময় অফিসে যেতে হয় না। জাতীয় তথ্য ও সেবা হটলাইন ৩৩৩ (333) নম্বরে ফোন করেই এসব বিষয়ে তথ্য ও সহায়তা চাওয়া যায়। দেশের যেকোনো প্রান্ত থেকে সাধারণ মানুষ এই সেবা নিতে পারেন।

তবে ৩৩৩ শুধু তথ্য জানার নম্বর নয়; সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে নাগরিকদের জানানো, অভিযোগ ও আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া এবং কিছু ক্ষেত্রে প্রশাসনিক সহায়তা পাওয়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৩৩৩ কী?

৩৩৩ বাংলাদেশের জাতীয় তথ্য ও সেবা হটলাইন। সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য দেওয়া, নাগরিকদের অভিযোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করাই এর মূল উদ্দেশ্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির উদ্যোগে এটি চালু করা হয়।

এর মাধ্যমে এমন নাগরিকদেরও সরকারি সেবা সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে, যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই কিংবা অনলাইনে সরকারি সেবা নেওয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা কম। বর্তমানে এটুআইয়ের জাতীয় হেল্পলাইন হিসেবে ৩৩৩ পরিচালিত হচ্ছে।

সরকারি তথ্য ও সেবা পেতে ফোন করুন ৩৩৩ নম্বরে, ছবি: ৩৩৩ এর ফেসবুক থেকে নেওয়া

৩৩৩ নম্বরে ফোন করলে কী কী সেবা পাওয়া যায়?

৩৩৩ নম্বরে ফোন করে কয়েক ধরনের তথ্য ও সহায়তা পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

সরকারি সেবা সম্পর্কে তথ্য: জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ভূমিসেবা, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সরকারি সেবা পাওয়ার নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং সংশ্লিষ্ট দপ্তরের তথ্য জানতে পারবেন। কোনো সেবা নিতে কোথায় যেতে হবে, কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়েও তথ্য পাওয়া যায়।

সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের যোগাযোগের তথ্য: জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া যায়। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের পথও জানা যায়।

সামাজিক সমস্যা নিয়ে অভিযোগ: বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, হয়রানি, যৌন হয়রানি, ইভটিজিং, ঘুস, দুর্নীতি, মাদক, জুয়া, খাদ্যে ভেজাল ও পরিবেশদূষণের মতো সামাজিক সমস্যা সম্পর্কে অভিযোগ জানানো যায়। এসব অভিযোগ সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানোর ব্যবস্থা রয়েছে।

সরকারি সেবা নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: কোনো সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে হয়রানি, অনিয়ম, দুর্নীতি কিংবা সেবা না পাওয়ার মতো ঘটনা ঘটলে ৩৩৩ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যায়।

২০২৫ সালের মে মাসে সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএসের সঙ্গে ৩৩৩-এর সংযোগের মাধ্যমে ফোনে অভিযোগ দাখিলের সুবিধা চালু হয়। এ ক্ষেত্রে ৩৩৩-এ ফোন করে ২ চাপলে সামাজিক সমস্যা ও সরকারি সেবাসংক্রান্ত অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। কল সেন্টারের প্রতিনিধি অভিযোগকারীর পক্ষে জিআরএসে অভিযোগ জমা দিতে পারেন। এ অভিযোগ দাখিলের জন্য আলাদা কোনো খরচ নেওয়া হয় না।

বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও জরুরি ত্রাণ সহায়তা পেতে ফোন দিতে পারেন ৩৩৩ হেল্পলাইনে, ছবি: ৩৩৩-এর ফেসবুক থেকে নেওয়া

দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সহায়তা: বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কেউ খাদ্য বা প্রয়োজনীয় সহায়তার সংকটে পড়লে ৩৩৩ নম্বরে ফোন করে প্রশাসনের কাছে সহায়তা চাইতে পারেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য ও আবেদন পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। অতীতে বন্যাকবলিত মানুষের কাছে খাদ্য ও ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও ৩৩৩ কাজ করেছে।

পর্যটন ও জেলা সম্পর্কিত তথ্য: দেশের বিভিন্ন জেলার দর্শনীয় স্থান, পর্যটনকেন্দ্র এবং সংশ্লিষ্ট এলাকার প্রয়োজনীয় তথ্য জানা যায়।

অন্যান্য তথ্যসেবা: ৩৩৩-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আবহাওয়া, ই-টিআইএনসংক্রান্ত তথ্য ও সমস্যা সমাধান, ওষুধের সত্যতা যাচাই এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় মাসআলা-মাসায়েল সম্পর্কেও তথ্য পাওয়ার ব্যবস্থা রয়েছে।

কীভাবে ফোন করবেন?

দেশের যেকোনো মোবাইল ফোন থেকে সরাসরি ৩৩৩ নম্বরে কল করা যাবে। ল্যান্ডফোন থেকে এবং বিদেশে অবস্থানরত প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

ফোন করার পর স্বয়ংক্রিয় নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় সেবার বিষয়টি নির্বাচন করতে হবে। এরপর কল সেন্টারের প্রতিনিধির সঙ্গে কথা বলে নিজের প্রয়োজন বা সমস্যার বিস্তারিত জানাতে হবে। অভিযোগের ক্ষেত্রে ঘটনার স্থান, সময়, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য যথাসম্ভব নির্ভুলভাবে জানাতে হবে। অভিযোগের পর প্রয়োজনে কর্তৃপক্ষ যেন যোগাযোগ করতে পারে, সে জন্য সচল ফোন নম্বর ব্যবহার করাও গুরুত্বপূর্ণ।

৩৩৩-এ ফোন করে তথ্যসেবা নেওয়ার ক্ষেত্রে মোবাইল অপারেটরদের সাধারণ কল চার্জ প্রযোজ্য হতে পারে।

৩৩৩ নম্বর হেল্পলাইনের ওয়েবসাইটেও অভিযোগ জানানো যাবে, ছবি: স্ক্রিনশট নেওয়া

লিখিত অভিযোগও জানানো যাবে

শুধু ৩৩৩ নম্বরে ফোন নয়, হটলাইনটির ওয়েবসাইটেও অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে। যেভাবে অভিযোগ জানাবেন: 

  • https://333.gov.bd/complaints ওয়েব ঠিকানায় প্রবেশ করুন।
  • আপনার নাম, অভিযোগের ধরন ও মোবাইল নম্বর লিখে বিভাগ নির্বাচন করুন।
  • এরপর অভিযোগের বিবরণের ঘরে বর্ণনা দিন।
  • অভিযোগ লেখা শেষ হলে ‘জমা দিন’ অপশনে ক্লিক করুন।

সরকারি সেবা নিয়ে ৩৩৩ ওয়েবসাইটে আপনার অভিযোগ জানানোর পর তা ট্র্যাকও করতে পারবেন, ছবি: স্ক্রিনশট নেওয়া

অভিযোগ জমা শেষ হলে আপনি একটি অভিযোগ আইডি পাবেন। পরে সেই আইডি নম্বর লিখে আপনার অভিযোগের স্ট্যাটাস চেক করতে পারবেন।

এ ছাড়া হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ওয়েবচ্যাটের মাধ্যমেও অভিযোগ জানাতে পারবেন। এজন্য চ্যাট পরিষেবা https://333.gov.bd/chat-service ঠিকানায় যেতে হবে।

সরকারি দপ্তরের তথ্য জানা থেকে শুরু করে সামাজিক সমস্যা ও নাগরিক ভোগান্তির অভিযোগ জানানোসহ বিভিন্ন প্রয়োজনে ৩৩৩ সাধারণ মানুষের একটি সহজ যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে। বিশেষ করে যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ সীমিত, তাদের জন্য এই হটলাইন সরকারি সেবা পাওয়ার পথ সহজ করেছে। 

তবে মনে রাখতে হবে, ৩৩৩ মূলত সরকারি তথ্য ও সেবা সহায়তার নম্বর। তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার প্রয়োজন হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা ফায়ার সার্ভিসের হেল্পলাইন ১০২ নম্বরে ফোন করতে হবে।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর