ঢাকা, ১৫ জুলাই বুধবার, ২০২৬ || ৩০ আষাঢ় ১৪৩৩
good-food
১০৪৬

মির্জা ফখরুল সংসদে থাকলে বিরোধীদল শক্তিশালী হতো:কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৯ ২০ মে ২০১৯  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে থাকলে বিরোধীদলের অবস্থা আরো শক্তিশালী হতো। বিরোধীদল হিসেবে তাদের পারপাস সার্ভ করার জন্য তার যোগদান আবশ্যক ছিল।

সোমবার দুপুরে রাজধানীর বনানীর সেতুভবনে পদ্মা সেতুসহ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
বিএনপির প্রতি ইংগিত করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কি করবে, সেটা তাদের সিদ্ধান্তের বিষয়। তবে তারা সংসদে যোগ দিয়ে শুভবুদ্ধির পরিচয় দিয়েছেন। অংশগ্রহণ সংখ্যার দিক থেকে নয়, হেভিওয়েটের দিক থেকে মির্জা ফখরুল বিরোধীদলের হয়ে শক্তিশালী ম্যাসেজ দিতে পারতেন।
তিনি বলেন, তারা যদি সংসদের বাইরেও কথা বলেন, তাতে সরকারি দলও উপকৃত হবে। বিএনপি যদি রাজপথে আন্দোলন করে তা হলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে। তবে আন্দোলনের নামে যদি সহিংসতা, জ্বালাও-পোড়াও, ভাংচুর, নৈরাজ্য সৃষ্টি করে তা হলে জনগণের নিরাপত্তার জন্য উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা যা করা দরকার করবে।
সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে মাস ১১ দিন পর দেশে ফিরে আবার কাজে যোগদান সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কাজের উৎসাহ বেড়েছে। কমিটমেন্টও আরো গভীর হয়েছে। মানুষের ভোগান্তি লাঘবে দায়িত্ব পালনের তাগিদ নতুনভাবে পেলাম। একজন রাজনীতিবিদের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই।
ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে কাদের বলেন, চিকিৎসার জন্য দেশের বাহিরে থাকায় আমি কমিটি গঠন প্রক্রিয়া সম্পর্কে অবগত ছিলাম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের চারজনকে দায়িত্ব দিয়েছেন। তারাই বিষয়টি খতিয়ে দেখবেন।
মন্ত্রিসভার রদবদল সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজের সুবিধার জন্য রদবদল প্রয়াজন পড়ে। প্রধানমন্ত্রী যেহেতু টিম লিডার, উনি জাহাজের ক্যাপ্টেন। সময়ের চাহিদা মেটানো বাস্তবতা অনুধাবন করে এটা করা হয়েছে। বিষয়টা হচ্ছে কাজের গতি গুণাগুণ নিশ্চিত করার জন্য। সেদিকটাও প্রধানমন্ত্রী দেখছেন।
ওবায়দুল কাদের সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এদিন প্রথম রাজনৈতিক ইস্যুতে কথা বললেন।