ঢাকা, ২৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৬ || ৯ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৩১

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৮ ২৩ নভেম্বর ২০২৬  

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ ও ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর করা হয়।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন। এ ঘটনার জেরে সন্ধ্যায় দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, গুলিবর্ষণ ও চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে ফুল মার্কেটের ১০টি ফুলের দোকান ভাঙচুর করা হয়।

সংঘর্ষে গুলিবিদ্ধ চারজন হলেন চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তাঁর ভাই রাকিব মোল্লা (২২), একই গ্রামের সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) এবং টুলু মোল্লার ছেলে আমিন মোল্লা (২০)। তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া আহত চরমানিকদাহ গ্রামের আকুবরের ছেলে তাসলিম (২৮) এবং শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খান (৬) গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নাঈম ফেরদাউস জানান, চারজনের শরীরে ছররা গুলির (পেলেট) চিহ্ন রয়েছে। তাঁদের এক্স-রে করানোর জন্য পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের মালিক তামিম মোল্লা জানান, মিছিলের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষের সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর করা হয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। পরে দুই পক্ষ নিজেরাই মীমাংসা করে নিয়েছে বলে শুনেছি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর