ঢাকা, ৩১ আগস্ট সোমবার, ২০২৬ || ১৬ ভাদ্র ১৪৩৩
good-food
৪৯

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৫ ৩০ আগস্ট ২০২৬  

রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে সরিয়ে নেওয়া এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।

স্থায়ী টার্মিনাল নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় আগামী চার মাসের মধ্যে কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পে একটি অস্থায়ী বাস টার্মিনাল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে দ্রুত টোল আদায়ের লক্ষ্যে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়। এ জন্য আগামী চার মাসের মধ্যে একটি অ্যাপ তৈরির কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে বুয়েটকে ১৫ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সচিবালয় এলাকার যানবাহনের চাপ কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনসহ আশপাশে বিকল্প পার্কিংয়ের ব্যবস্থা করার সম্ভাবনা খতিয়ে দেখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এসবের পাশাপাশি রাজধানীতে অটোরিকশা চলাচলের জন্য একটি পৃথক নীতিমালা প্রণয়ন এবং অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর