ঢাকা, ২৮ অক্টোবর বুধবার, ২০২৬ || ১২ কার্তিক ১৪৩৩
good-food
৮

প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫৩ ২৮ অক্টোবর ২০২৬  

বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা বা জবরদস্তির মাধ্যমে রুশ সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের ইউক্রেনবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। 

১৯ অক্টোবরের এক প্রতিবেদনে বলা হয়, ২৯টি দেশের নাগরিকদের এভাবে রুশ বাহিনীতে নিয়োগ করে ইউক্রেনের যুদ্ধে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ মোট ২৯টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। তবে কতজন বাংলাদেশি এভাবে নিয়োগের শিকার হয়েছেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা দেওয়া হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, নিয়োগের সঙ্গে যুক্ত এজেন্টরা বিদেশি নাগরিকদের রাশিয়ায় বেসামরিক চাকরির প্রস্তাব দিয়ে আকৃষ্ট করতেন। পরে তাদের সামরিক বাহিনীতে নিয়োগ করা হতো। অনেক ক্ষেত্রে নিয়োগপ্রার্থীদের এমন সামরিক চুক্তিতে সই করানো হয় যা রুশ ভাষায় লেখা থাকায় তারা বুঝতে পারতেন না।

কমিশন বলেছে, এ সব নিয়োগপ্রক্রিয়ায় প্রতারণা বা জবরদস্তির ঘটনা ঘটেছে। এভাবে রুশ সশস্ত্র বাহিনীতে পাচারের শিকার ব্যক্তিদের সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

জাতিসংঘের এ অনুসন্ধান বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি কর্মপ্রত্যাশীদের প্রতারণার মাধ্যমে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলার আশঙ্কা সামনে এনেছে। বিশেষ করে বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা এবং জোরপূর্বক সামরিক নিয়োগ থেকে অভিবাসনপ্রত্যাশীদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে প্রতিবেদনটি।