ঢাকা, ১১ নভেম্বর বুধবার, ২০২৬ || ২৭ কার্তিক ১৪৩৩
good-food
১৩

বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৯ ১১ নভেম্বর ২০২৬  

ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যাওয়ার দুই বছরেরও বেশি সময় পর তিনি দেশে ফেরার এই উদ্যেগ নিয়েছেন। যা তাকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

বাংলাদেশের বর্তমান সরকার সরকার তার চরম রাজনৈতিক প্রতিপক্ষ। তাই দেশে ফিরলে হাসিনা ফাঁসির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। 

ইতিমধ্যে হাসিনার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে ঢাকা। তিনি সত্যিই দেশে ফিরতে চাইলে ভারত থেকে তাকে প্রত্যর্পণের আবেদন করতে চ্যালেঞ্জ জানিয়েছে সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আলজাজিরাকে বলেন, “হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বাংলাদেশ পাসপোর্ট দেয় না। সন্ত্রাসী হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার মৃত্যুদণ্ড নিশ্চিত করা রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আমিনুল ইসলাম এ প্রসঙ্গে মঙ্গলবার (১০ নভেম্বর) বলেছেন, দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

সাংবাদিকদের তিনি বলেন, “শেখ হাসিনার সামনে রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।”

তাহলে কেন হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হলেন? তার আগের এসব নথি বাতিল করা হয়েছে। দেশে ফেরার ঘোষণা দিয়ে আসলে তিনি আসলে তিনি কী ‘গেম প্ল্যান’ নিয়েছেন?

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ফাইল ছবি

‘তিনি নিজের পরিণতি জানেন’

প্রায় ২০ বছর কঠোর হাতে বাংলাদেশ শাসন করেছেন হাসিনা। হাসিনাকে নিয়ে বাংলাদেশ এখন দুটিভাগে বিভক্ত। এর একটি অংশের এখনো তার প্রকি সমর্থন রয়েছে। অন্যদিকে, আরেকটি অংশ তার ফাঁসি দেখতে চান।

এ অবস্থায় হাসিনার দেশে ফেরা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার দুই বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যখন দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন তার প্রত্যাবর্তন নতুন সংকট তৈরি করতে পারে।

তবে বিশ্লেষকেরা প্রশ্ন তুলেছেন, হাসিনা সত্যিই আইনের মুখোমুখি হতে দেশে ফিরতে চান, নাকি ভারতে স্বেচ্ছানির্বাসনে থেকেই রাজনৈতিক গুরুত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছেন?

ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমানের মতে, হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি আসন্ন সময়ে দেশে ফেরার পরিকল্পনার চেয়ে রাজনৈতিকভাবে তার গুরুত্ব এখনো কতোটা তা পরিমাপ করতে চাইছেন তিনি সে প্রসঙ্গটাই বেশি। মূলত এর মাধ্যমে তিনি নিজের দল আওয়ামী লীগের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছেন।

জিল্লুর রহমান বলেন, “আমার মনে হয়, তিনি নিজের পরিণতি জানেন। তবে তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় রাখতে চাইছেন।” 

তিনি বলেন, “আমার যতটুকো জ্ঞান আছে তাতে তিনি কোনো অবস্থাতেই দলের নেতৃত্ব অন্য কারও হাতে তুলে দিতে চান না। আমার মনে এটি তার মঙ্গলবার এবং দলের জন্য বড় সমস্যা। অন্যথায় দলটি টিকে থাকার কোনো পথ খুঁজে বের করার চেষ্টা করতে পারত।”

ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক ডেপুটি চিফ অব মিশন এবং সাবেক মার্কিন সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বিষয়টি আরও স্পষ্ট করেছেন। 

এ প্রসঙ্গে আল-জাজিরাকে তিনি বলেন, “ডিসেম্বরে হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনাই নেই। আমার মতে, এটি তার সমর্থকদের উজ্জীবিত করা এবং ক্রমে দেশের ভেতরে নিজের গুরুত্ব কমে যাওয়ার বিষয় থেকে মানুষের মনযোগ সরিয়ে নেওয়ার একটি কৌশলমাত্র।” 

সাবেক মার্কিন সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ এবং ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহানও মনে করেন, হাসিনার দেশে ফেরার ঘোষণা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনোবল চাঙা করার চেষ্টা। দলটির অনেক নেতা এখন কারাগারে অথবা নির্বাসনে রয়েছেন।

তিনি বলেন, “এই ঘোষণা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখছে এবং দেশের ভেতরে জনমত কোন দিকে যাচ্ছে, তা বোঝার সুযোগ করে দিচ্ছে। তবে তার সত্যিকারের দেশে ফেরা কল্পনাতীত। কারণ, তাকে হয় ফাঁসির মুখোমুখি হতে হবে, নয়তো বাকি জীবন কারাগারে কাটাতে হবে।”

বিশ্লেষকেরা হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করলেও তার ঘোষণায় আওয়ামী লীগের কিছু নেতা ও সমর্থক নতুন করে উজ্জীবিত হয়ে উঠছেন বলে মনে হচ্ছে। 

নাম প্রকাশ না করার শর্তে আল-জাজিরাকে ভারতে নির্বাসিত অবস্থায় থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সাংগঠনিক সম্পাদক বলেন, “আমাদের নেত্রী ফিরবেন। এর আগেও তাকে থামানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি। আবারও তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তবে তিনি এসব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশে ফিরবেন।”

তবে হাসিনা কীভাবে ফিরবেন এবং তাকে ফেরাতে দল কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে এমন প্রশ্নে আওয়ামী লীগের অনেক নেতা ও সমর্থকই স্পষ্ট কিছু জানাতে পারেননি।

তবে ঢাকাভিত্তিক আওয়ামী লীগ কর্মী ও দলটির ছাত্রসংগঠনের সাবেক নেতা আরমান রহমান আলজাজিরাকে বলেন, “তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। আমার বিশ্বাস, যেকোনো পরিস্থিতিতেই তিনি ডিসেম্বরে ফিরে আসবেন।”

ভারতের ভূমিকার বড় প্রভাব 

হাসিনার ভবিষ্যৎ অনেকাংশে ভারতের নানা কূটনৈতিক ও রাজনৈতিক হিসাব-নিকাশের ওপরও নির্ভর করছে। ২০২৪ সালের আগস্টে হাসিনা যখন ঢাকা ছেড়ে পালিয়ে যান তখন তাকে আশ্রয় দেয় দীর্ঘদিনের মিত্র ভারত। তবে হাসিনার এই ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে উঠেছে।

দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ঢাকা একাধিকবার হাসিনাকে ফেরত চেয়েছে। অন্যদিকে, নয়াদিল্লি জানিয়েছে, তারা বাংলাদেশের অনুরোধগুলো পর্যালোচনা করছে। গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায়।

যদিও দুই দেশই টানাপোড়েনপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করেছে।

নয়াদিল্লির কাছাকাছি অবস্থিত ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রী রাধা দত্ত আলজাজিরাকে বলেন, “হাসিনাকে দীর্ঘদিনের বন্ধু হিসেবে দেখে ভারত। তবে ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভারতে অবস্থানের বিষয়টি আলাদা করে বিবেচনা করার চেষ্টা করছে নয়াদিল্লি।”

তিনি বলেন, “শেখ হাসিনা ভারতের অত্যন্ত ভালো বন্ধু। নয়াদিল্লি তাকে সমসময় সমর্থন করে যাবে। এটাই আমাদের আনুষ্ঠানিক অবস্থান।” 

যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ড্যানিলোভিচ মনে করেন, হাসিনাকে আশ্রয় দিয়ে যাওয়ার কূটনৈতিক মূল্য সম্পর্কে ভারত ক্রমেই সচেতন হয়ে উঠছে। তবে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগে নয়াদিল্লি সহায়তা করবে—এমন সম্ভাবনা কম।

তিনি বলেন, “ভারতের কেউ কেউ এখনো মনে করতে পারেন, হাসিনা ও তার দল দেশটির জন্য প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করে। তবে এখন মোদি সরকারের নিশ্চয়ই বোঝা উচিত, হাসিনার নয়াদিল্লিতে অবস্থান অব্যাহত থাকায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমি নিশ্চিত, মোদি সরকার হাসিনা-সংক্রান্ত সমস্যার অবসান চায়। এমনকি তিনি যদি বসবাসের জন্য তৃতীয় কোনো দেশ খুঁজে নেন, তাতেও তারা স্বস্তি পাবে।”

তবে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের জিল্লুর রহমান মনে করেন, কূটনৈতিক জটিলতা সত্ত্বেও ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে যেতে পারে। তবে এক্ষেত্রে দেশটি উভয় সংকটে পড়েছে উল্লেখ করে তিনি জানান, ভারত যেমন হাসিনাকে তাদের দেশে রাখতে অস্বস্তি বোধ করছে তেমনি তাকে ছেড়ে দিতেও পারছে না।  

বিষয়টি বিস্তারিত জানিয়ে তিনি বলেন, “ভারত যদি এখন তার সুরক্ষার দায়িত্ব না নেয়, তাহলে দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলে ভারতের মিত্ররা দেশটির ওপর আস্থা হারাতে পারে। তাদের মনে হতে পারে, বিপদে ভারত পাশে দাঁড়ালেও শেষ পর্যন্ত তাদের সুরক্ষা দিতে পারে নি নয়াদিল্লি।”

জিল্লুর রহমানের মতে, ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে যেতে পারে, তবে বাংলাদেশে তার রাজনৈতিক অবস্থান পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করার সম্ভাবনা কম।

তিনি আরও বলেন, “আমার মনে হয় না, ভারত তাকে পরিত্যাগ করবে। তবে একই সঙ্গে তাঁকে সব ধরনের রাজনৈতিক সুরক্ষাও দেবে না। বিশেষ করে বাংলাদেশে ফিরতে এবং এখানে আবার নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে ভারত তাকে সহায়তা করবে বলে মনে হয় না।”

অন্যদিকে, ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্তও প্রতিবেশী দুই দেশের সম্পর্কের দ্রুত উন্নতির সম্ভাবনা দেখছেন না।

তিনি বলেন, “আমার মনে হয় না, বাংলাদেশ-ভারত সম্পর্ক খুব শিগগির স্বাভাবিক অবস্থায় ফিরবে।”

বিএনপির সঙ্গে সমঝোতা কি সম্ভব?

ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে শেখ হাসিনার কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা হতে পারে কি না এ ধরনের প্রশ্ন কারও মনে থাকলেও বিশেজ্ঞরা জানিয়েছেন এ ধরনের কোন সম্ভাবনা নেই। 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির লোগো। ছবি: সংগৃহীত

বর্তমানে বিএনপির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রয়াত খালেদা জিয়ার ছেলে। খালেদা জিয়া এক বছর আগে মারা গেছেন। হাসিনা ক্ষমতায় থাকার সময় তারেক রহমান নিজেও লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন।

তাই এ ধরনের পরিস্থিতিতে বিএনপির সঙ্গে হাসিনার সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠার কোন লক্ষণ দেখছেন না বিশেষজ্ঞরা। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ফয়েজ সোবহান বিষয়টিকে শুরুতেই অসম্ভব বলে মনে করেন।

তিনি আল-জাজিরাকে বলেন, “আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপির লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি। হাসিনার শাসনামলে ১৬ বছরের বেশি সময় ধরে বিএনপির নেতা-কর্মীরা কারাবন্দি, হয়রানি ও রাজনৈতিকভাবে কোণঠাসা হয়েছেন। এখন কোনো সমঝোতার ইঙ্গিতও তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা সমতুল্য।” 

সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দেন।

ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “হাসিনা যদি মনে করেন দেশে ফিরে আবার ফ্যাসিবাদ কায়েম করবেন এবং নিজের সিংহাসন পুনরুদ্ধার করবেন, তাহলে তিনি নিজেকেই ভুল বোঝাচ্ছেন।”

ফয়েজ সোবহান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বাইরে গিয়ে পদক্ষেপ নেওয়ার সুযোগ বিএনপি সরকারের খুব কম।

তিনি বলেন, “দেশে স্থিতিশীলতা ফেরাতে বৃহত্তর কোনো সমঝোতা হবে, তা কল্পনা করা কঠিন। জবাবদিহি নিশ্চিত করা কিংবা ক্ষমা না চেয়ে পুনর্মিলনের উদ্যোগ নেওয়া আরও কঠিন।”

হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণই ঢাকার সামনে একমাত্র আনুষ্ঠানিক পথ বলে মনে করেন তিনি। সোবহান বলেন, “এর অর্থ তাঁকে দেশে ফিরতে বাধ্য করা হবে, নিজের ইচ্ছায় তিনি ফিরবেন না।”