ঢাকা, ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার, ২০২৬ || ১১ ফাল্গুন ১৪৩২
good-food
৩১

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৫ ২৩ ফেব্রুয়ারি ২০২৬  

বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার-২০২৫ পাচ্ছেন আটজন।

সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধে মঈনুল হাসান।

আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন। এ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কারপ্রাপ্তরা পুরস্কার বুঝে নেবেন।

বাংলা একাডেমির বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ সাহিত্য পুরস্কার ২০২৫ অনুমোদন করে।

১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালের ২৬ জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর দি বেঙ্গলি একাডেমি (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স জারি করেন। এর মাধ্যমে একাডেমির কার্যক্রমে কিছু পরিবর্তন আসে। তাদের কার্যাবলি সংশোধিত হয়ে সাহিত্য পুরস্কার প্রদান এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন এবং ফেলো, জীবনসদস্য ও সদস্যপদ প্রদান যোগ করা হয়। 

সেই ধারাবাহিকতায় ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি বাংলা সাহিত্যে অবদানের জন্য পুরস্কার দিয়ে আসছে।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তরা উত্তরীয়, সম্মাননাপত্র ও নগদ টাকা পুরস্কার হিসেবে পান।

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর