ঢাকা, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২৭ কার্তিক ১৪৩৩
good-food
৯৯৩

বিয়ে করেছেন কাজল, বর কে জানেন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৯ ৩১ অক্টোবর ২০২০  

কয়েকদিন ধরে বাতাসে ভেসে বেড়াচ্ছিল বিয়ে করছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা কাজল আগারওয়াল। যদিও গুঞ্জনটা ছিল দীর্ঘদিন ধরেই। শেষ পর্যন্ত গাঁটছড়া বেঁধেই ফেললেন তিনি।

 

শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের তাজমহল প্যালেসে সাতপাকে বাঁধা পড়েন কাজল। ঐতিহ্যবাহী ভারতীয় রীতি মেনে মালাবদল করেন তিনি। বরের নাম গৌতম কিছলু। তিনি পেশায় ব্যাবসায়ী। 

 

বিয়ের আসরে বর-বধূ দুজনেই সাতপাকে ঘোরেন। এসময় প্রথাগত বধূর সাজে দারুণ দেখায় কাজলকে। আর মাথায় স্বর্ণের পট্টি এবং গোলাপি শেরওয়ানিতে চমৎকার গেট-আপ ছিল গৌতমের।

 

চলতি মাসের শুরুতে বিয়ের ঘোষণা দেন কাজল। তবে করোনাভাইরাস মহামারি কারণে ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকতা সারলেন নবদম্পতি। যেখানে তাদের ঘনিষ্ঠ  বন্ধু ও আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। আর হাজির ছিলেন দুই পরিবারের লোকজন।

 

গৌতম স্বনামধন্য ব্যবসায়ী ও  ইন্টেরিয়র ডিজাইনার। তিনি ই-কমার্স প্ল্যাটফর্ম ডিসার্ন লিভিং’র কর্ণধার। এর আগে তাকে কখনো কাজলের সঙ্গে বাস্তব কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি। তবে দশেরার উপলক্ষে হবু স্বামীর সঙ্গে তোলা ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের পরিচয় করিয়ে দেন ভারতীয় সুন্দরী।

 

তামিল, তেলেগু, হিন্দি-সব সিনেমায় সমান জনপ্রিয় কাজল। পর্দায় ছলছলে উপস্থাপনা থাকলেও ব্যক্তিগত জীবনে অনেকটা অন্তর্মুখী তিনি। নিজের ব্যক্তিগত বিষয়গুলো সবসময় গোপন রাখতে পছন্দ করেন ৩৫ বছর বয়সী অভিনেত্রী। হয়তো এই কারণেই এতদিন বরের পরিচয় লুকিয়ে রেখেছিলেন বলি ললনা।