ঢাকা, ১৫ নভেম্বর রোববার, ২০২৬ || ১ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
২

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুজনকে হত্যার অভিযোগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৬ ১৫ নভেম্বর ২০২৬  

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুইজন নির্মাণ শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার সকাল ৮টায় এ ঘটনা ঘটেছে। নিহত দুইজন হলেন, মুকুল ইসলাম এবং শাকিব বসুনিয়া।

স্থানীয় একজন সাংবাদিক জানান, সায়মন এক্সক্লুসিভ পরিবহন নামের একটি বাসে করে নির্মাণ কাজ শেষে কুমিল্লা থেকে নীলফামারী ফিরছিলেন তারা। একই এলাকার ছয়জন তারা ওই বাসে ছিলেন।

যাত্রাপথে বাসের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হলে রংপুরের তারাগঞ্জে তাদের একজনকে রেখে বাকিদের নামিয়ে দেওয়া হয়।

ওইসময় মুকুল ইসলাম এবং বসুনিয়া ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য আবার বাসে ওঠেন। কিন্তু বাসের লোকজনের সঙ্গে একপর্যায়ে তাদের তর্ক ও ধস্তাধস্তি হয়।

ধস্তাধস্তির একপর্যায়ে মুকুল এবং বসুনিয়াকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

তবে পুলিশ কর্মকর্তা মাহমুদ জানিয়েছেন, বাসে ছয়জন থাকার তথ্য তাদের কাছে নেই।

তারাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ দাবি করে বলেন, “এটি একটি বাস দুর্ঘটনা। বাসের হেলপার, ড্রাইভারকে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।”

ওই দুইজনকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, “না না, ধাক্কা দিয়ে ফেলে দেয়নি। ওরা বাস থেকে নামিয়ে দেয় তখন বাসের সামনে দিয়ে যাইতে নাকি টান দিছে বাস তখন ওরা চাপা পড়ছে।”

তিনি জানান, সড়ক পরিবহন আইনে দুর্ঘটনার কারণে একটি মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত হওয়ার পর কারণ বোঝা যাবে বলেও জানান তিনি।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর