ঢাকা, ২৩ জুলাই বৃহস্পতিবার, ২০২৬ || ৮ শ্রাবণ ১৪৩৩
good-food

এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১২ ২৩ জুলাই ২০২৬  

দল থেকে বহিষ্কারের ঘটনার ওপর ভিত্তি করে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, “এই বিষয়ে জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।” বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি আবদুর রহমানেল মাছউদ জানান, সংসদের তরফ থেকে প্রয়োজনীয় চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন পুরো বিষয়টি বিচার-বিশ্লেষণ করবে। সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হওয়ার অর্থাৎ এমপি পদ বাতিলের বিধান রয়েছে। 

তিনি জানান, কোনো রাজনৈতিক দল তাদের সদস্যকে দল থেকে বহিষ্কার করলে সেই কারণে সংবিধান অনুযায়ী সেই সদস্যের এমপি পদ বাতিলের কোনো আইনি সুযোগ নেই। এই বিষয়ে কেবল স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদ রেফারেন্স বা চিঠি পাঠালে নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়ায় পদ পদক্ষেপ গ্রহণ করতে পারে। সংসদ থেকে নির্দিষ্ট নির্দেশনা সংবলিত চিঠি এলেই কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে। 

এদিকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “নির্বাচন কমিশন সরকারের সঙ্গে কোনো প্রকার দূরত্ব ছাড়াই সমন্বিতভাবে কাজ করছে।” 

তিনি জানান, চলতি বছরের অক্টোবর মাসকে লক্ষ্য রেখে তারা স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করছেন। নতুন করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্যদিয়েই এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করতে চায় কমিশন। 

আবহাওয়া পরিস্থিতি, সরকারি বিভিন্ন পরীক্ষা এবং আনুষঙ্গিক গুরুত্ব বিবেচনা করে অত্যন্ত সুচিন্তিতভাবে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর