ঢাকা, ০৯ জুলাই বৃহস্পতিবার, ২০২৬ || ২৫ আষাঢ় ১৪৩৩
good-food

প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু না: মীর শাহে আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪২ ৯ জুলাই ২০২৬  

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, “অনেকে বলেছেন আমি তারেক রহমানের বন্ধু। কিন্তু আমাদের শ্রদ্ধেয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু আমি না।” 

তিনি বলেন, “আমি বিএনপির একজন সাধারণ কর্মী। রাজনৈতিক প্রয়োজনে বগুড়া জেলা বিএনপির দায়িত্ব পালন করার কারণে তারেক রহমানের সঙ্গে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাকে স্নেহ করেন। এর বাইরে তার সঙ্গে আমার বন্ধুত্বের সুযোগ ছিল না।”

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে নিজের অবস্থান তুলে ধরে এসব কথা বলেন তিনি।

সাম্প্রতিক বিভিন্ন মিডিয়ায় মীর শাহে আলমকে প্রধানমন্ত্রীর বন্ধু হিসেবে উল্লেখ করার বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে। তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন। এইটুকুই সম্পর্ক।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বয়সের অনেক তারতম্য রয়েছে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, “সব মিলিয়ে মানুষের সামনে যদি উপস্থাপন করেন যে তারেক রহমানের বন্ধু মীর শাহে আলম এটা করেছেন, ওটা করেছেন—এটা নিয়ে আমি, আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না।”

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন, পড়াশোনা করেছেন ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া ও শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে। আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে, যখন উনি বগুড়া যাওয়া-আসা শুরু করেন।”

প্রতিমন্ত্রী বলেন, “আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সঙ্গে অনুরোধ করি, এই বিষয়টি কখনোই কেউ নজরে নিয়ে আসবেন না যে, প্রধানমন্ত্রী আমার বন্ধু। আমি কোনোভাবেই উনার বন্ধু না। অনুগ্রহপূর্বক এই বিষয় থেকে আপনারা একটু দূরে থাকবেন বা সবাইকে সজাগ করবেন, এটুকু আমি অনুরোধ করি।”

তিনি বলেন, “কোনো কারণেই, কোনোভাবেই প্রধানমন্ত্রীর বন্ধু আমি না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী। বিএনপির কর্মী হিসেবে আমার বিভিন্ন সময় জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, বগুড়া জেলার দায়িত্ব পালন করবার কারণে উনার সঙ্গে আমার পরিচয়। যেহেতু আমার বাড়ি বগুড়ায়, শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের বাড়িও বগুড়ায়—উনার সঙ্গে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদেরকে স্নেহ করেন, বিভিন্ন সময় পরামর্শ দেন। বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে। তিনি আমাকে চেনেন, ব্যক্তিগতভাবে জানেন—এইটুকুই সম্পর্ক আমার প্রধানমন্ত্রীর সঙ্গে।”

প্রতিমন্ত্রী বলেন, “কিছু কিছু নিউজে আসে, আমি মাঝখানে একটা সাক্ষাৎকারে বলেছি যে, তারেক রহমানের বন্ধু মীর শাহে আলম দুর্নীতি করে। তারেক রহমানের বন্ধু মীর শাহে আলমের সম্পদ আট গুণ বাড়ল। মূলত সম্পদ যা বেড়েছে, তা আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে।”