ঢাকা, ১২ জুন শুক্রবার, ২০২৬ || ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food

বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৯ ১২ জুন ২০২৬  

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় পৌঁছেছেন। পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে ৭৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

শুক্রবার (১২জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে পৌঁছান দীনেশ ত্রিবেদী। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুসম্পর্ক, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বাঙালি ও বাংলার সংস্কৃতি সম্পর্ক স্পষ্ট ধারণা থাকায় তাকে এ পদের জন্য মনোনীত করা হয়েছে। গুজরাটি ব্যবসায়ী পরিবারের সদস্য দীনেশ ত্রিবেদী চমৎকার বাংলা বলতে পারেন । তিনি ভারতের একাধিক মন্ত্রনালয়ের দায়িত্বও পালন করেছেন। 

এর আগে বাংলাদেশে ভারতীয় মিশনে দায়িত্বে ছিলেন প্রণয় ভার্মা। তিনি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে এ দায়িত্ব পালন করে আসছিলেন। প্রণয় ভার্মাকে এরই মধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

সাধারণত ভারতের কূটনৈতিক প্রথায় অভিজ্ঞ ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তাদের এমন পদে নিয়োগ করা হয়। দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটছে। 

একটা সময় সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত ছিলেন এই বরেন্য রাজনীতিবিদ দীনেশ। ২০১৬ সালের পর তাদের সম্পর্কে অবনতি ঘটতে শুরু করে। শেষমেষ ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন দীনেশ।

তবে আশির দশক থেকে দীনেশের রাজনৈতিক যাত্রার শুরু। সে সময় তিনি কংগ্রেসে থাকলেও পরে যোগ দেন জনতা দলে। ১৯৯০ সালে প্রথমবারের মতো রাজ্যসভার সংসদ সদস্য হন তিনি। পরবর্তীতে তৃণমূলে যোগ দেওয়ার পর পুনরায় রাজ্যসভার সংসদ সদস্য পদ পান তিনি। প্রথমবার ভোটে লড়েন ২০০৯ সালে।

দ্বিতীয় দফায় ইউপিএ সরকারের সময় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলান তিনি। ২০১৯ সালে বারাকপুরে তৃণমূলের প্রার্থী হিসেবে বিজেপির অর্জুন সিংয়ের কাছে হেরে যান তিনি। এরপর তৃণমূল তাকে রাজ্যসভায় পাঠায়। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন দীনেশ ত্রিবেদী। তার পরের মাস অর্থাৎ ৬ মার্চ যোগ দেন বিজেপিতে তিনি।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর