ঢাকা, ০৫ জুন শুক্রবার, ২০২৬ || ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৭৬০

নুরের ওপর হামলায় ৩ জন কারাগারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৫ ২৮ ডিসেম্বর ২০১৯  

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার তিনদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান কারাগারে পাঠানোর আদেশ দেন।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতারকৃতদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার।
আসামি পক্ষের আইনজীবী তাদের জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদি হাসান শান্ত।
শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৪ ডিসেম্বর শাহবাগ থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম মাইনুল ইসলাম তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভিপি নুরসহ অন্য ছাত্রদের ওপর হামলার ঘটনায় গত ২৪ ডিসেম্বর নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ রইচ হোসেন বাদি হয়ে এ মামলা করেন।