ঢাকা, ২৩ নভেম্বর সোমবার, ২০২৬ || ৮ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৮

প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:০২ ২৩ নভেম্বর ২০২৬  

প্রেমের সম্পর্ক ও বিয়ের ক্ষেত্রে সময়ের সঙ্গে বদলাচ্ছে তরুণ প্রজন্মের প্রত্যাশা। বিশেষ করে জেন-জি নারীরা জীবনসঙ্গীর কাছ থেকে আর্থিক নিরাপত্তা বা সংসারের দায়িত্ব নেওয়ার চেয়ে ব্যক্তিগত বোঝাপড়া ও সমান অংশীদারত্বকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে একটি বিষয়ে এখনো প্রচলিত ধারণার সঙ্গে মিল রয়েছে। সেটি হলো, অধিকাংশ জেন-জি নারী চান, পুরুষ সঙ্গী তাদের সুরক্ষা দেবেন।

যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর ফ্যামিলি স্টাডিজ (আইএফএস) ও ইউগভের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের ৭ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৮ থেকে ২৯ বছর বয়সী ২ হাজার পুরুষ ও ১ হাজার নারীর ওপর জরিপটি পরিচালিত হয়। গবেষণাটি প্রকাশিত হয়েছে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি।

জরিপে দেখা গেছে, জেন-জি নারী ও পুরুষের প্রায় ৬০ শতাংশ মনে করেন, প্রেমের সম্পর্কে দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া উচিত। এমনকি ডেটে যাওয়ার খরচও দুজনের সমানভাবে বহন করা উচিত বলে মনে করেন তারা। অন্যদিকে, প্রায় ৪০ শতাংশ মনে করেন, ডেটের খরচ পুরুষের বহন করা উচিত।

সংসার ও কর্মজীবনের দায়িত্ব বণ্টনের ক্ষেত্রেও সমতার পক্ষে তরুণ প্রজন্ম। ৮০ শতাংশের বেশি নারী এবং ৬৮ শতাংশ পুরুষ মনে করেন, দম্পতিদের নিজেদের সুবিধা অনুযায়ী কাজ ও ঘরের দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত।

তবে নারীর সুরক্ষার প্রশ্নে এখনো প্রচলিত ধারণার প্রতি সমর্থন রয়েছে। জরিপে ৭০ শতাংশের বেশি তরুণ পুরুষ মনে করেন, পুরুষের উচিত নারীদের সুরক্ষা দেওয়া। একই মত পোষণ করেন প্রায় সমানসংখ্যক তরুণী। মাত্র ২৬ শতাংশ নারী মনে করেন, তাদের পুরুষের সুরক্ষার প্রয়োজন নেই।

জীবনসঙ্গী নির্বাচনে নারীদের অগ্রাধিকার

জরিপে জীবনসঙ্গীর ১০টি গুণের মধ্যে ৮টিকেই পুরুষের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছেন নারীরা। এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য দেখা গেছে সন্তান লালন-পালন নিয়ে চিন্তাভাবনার মিল এবং স্থায়ী চাকরির ক্ষেত্রে।

৭৩ শতাংশ তরুণী মনে করেন, সন্তান নেওয়া ও লালন-পালন নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে একই ধরনের চিন্তাভাবনা থাকা খুব গুরুত্বপূর্ণ। পুরুষদের ক্ষেত্রে এ হার ৫৪ শতাংশ। অন্যদিকে, ৫৮ শতাংশ নারী জীবনসঙ্গীর স্থায়ী চাকরিকে গুরুত্বপূর্ণ মনে করেন। পুরুষদের ক্ষেত্রে এ হার ৪০ শতাংশ।

নারীদের কাছে জীবনসঙ্গীর গুরুত্বপূর্ণ গুণগুলোর মধ্যে রয়েছে সদয় আচরণ, মানসিক ও আবেগগত স্থিতিশীলতা এবং সন্তান পালনে একই ধরনের দৃষ্টিভঙ্গি। অন্যদিকে, পুরুষেরা জীবনসঙ্গীর আত্মবিশ্বাস ও শারীরিক সৌন্দর্যকে তুলনামূলক বেশি গুরুত্ব দেন।

রাজনৈতিক মতাদর্শেও রয়েছে পার্থক্য

জরিপে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতেও জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পার্থক্য দেখা গেছে। উদারপন্থী তরুণীদের ৬০ শতাংশ মনে করেন, জীবনসঙ্গীর রাজনৈতিক মতামতের সঙ্গে নিজের মতামতের মিল থাকা খুব গুরুত্বপূর্ণ। উদারপন্থী পুরুষদের ক্ষেত্রে এ হার ৪৭ শতাংশ।

অন্যদিকে, রক্ষণশীল তরুণীদের কাছে রাজনৈতিক মতের চেয়ে জীবনসঙ্গীর মানসিক স্থিতিশীলতা, স্থায়ী চাকরি এবং নৈতিক ও ধর্মীয় বিশ্বাসের মিল বেশি গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে জরিপের ফল বলছে, জেন-জি প্রজন্ম প্রেম ও বিয়ের সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না। বরং সমান অধিকার ও দায়িত্ব ভাগাভাগির মতো আধুনিক প্রত্যাশার পাশাপাশি নারীর সুরক্ষার মতো কিছু প্রচলিত ধারণাও তাদের কাছে এখনো গুরুত্বপূর্ণ।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর