ঢাকা, ২৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ১১ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
১৩

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩২ ২৫ নভেম্বর ২০২৬  

চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদারের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা’ মোকাবিলার যুক্তিতে এই শুল্ক প্রস্তাব করা হয়েছে, যা গণশুনানি ও জনমত যাচাইয়ের প্রক্রিয়া শেষে আগামী জানুয়ারি নাগাদ কার্যকর হতে পারে।

বিবিসি জানায়, বুধবার (২৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই নতুন শুল্কের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) আট মাসের তদন্ত শেষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন শুল্কের আওতায় আসা অন্য দেশ ও অর্থনীতিগুলো হলো কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এ তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়নও। তবে তদন্তাধীন মেক্সিকো ও নরওয়ের পণ্যে আপাতত নতুন কোনো শুল্ক প্রস্তাব করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, শুল্কের হার দেশ ও পণ্যভেদে ভিন্ন হবে বলে জানা গেছে। এর মধ্যে চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত এবং এরপরই ভিয়েতনামের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত শুল্কহারের বিষয়টি উঠে এসেছে।

মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চীনের সঙ্গে বিদ্যমান বাণিজ্য সমঝোতার আওতায় নতুন শুল্কের ক্ষেত্রে ২০ শতাংশ সীমা বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত প্রায় ২৫ শতাংশ শুল্ক বহাল রয়েছে। এছাড়া প্রায় ৩০ বিলিয়ন ডলারের চীনা পণ্যে শুল্ক কমানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

অন্য অংশীদাদের ক্ষেত্রেও বিদ্যমান বাণিজ্য চুক্তির সর্বোচ্চ সীমা বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার ক্ষেত্রে ১৯ শতাংশ নির্ধারিত রয়েছে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিভিন্ন দেশের পূর্বে সম্মত হওয়া সর্বোচ্চ সীমার (ক্যাপ) কারণে এসব শুল্কের বেশ কিছু ক্ষেত্রে কার্যকর হার কমে আসবে। যেমন-চীনের ক্ষেত্রে বিদ্যমান বাণিজ্য সমঝোতার আওতায় শুল্কের সীমা নির্ধারিত রয়েছে। আর ভিয়েতনামের ক্ষেত্রেও বাণিজ্য আলোচনা চূড়ান্ত হওয়া সাপেক্ষে শুল্কহার নির্ধারিত হবে।

অন্যদিকে বাংলাদেশের পণ্যের ক্ষেত্রে বিদ্যমান অন্যান্য শুল্ক ও পারস্পরিক বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট কিছু পণ্যে ছাড়সহ সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক বিবেচনার প্রস্তাব দিয়েছে ইউএসটিআর।

মার্কিন প্রশাসনের অভিযোগ, এসব দেশ ও অর্থনীতি সরকারি ভর্তুকি, শিল্পনীতি ও অন্যান্য নীতির মাধ্যমে চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করছে। এর ফলে বিশ্ববাজারে কম দামে বিপুল পরিমাণ পণ্য ঢুকে পড়ে মার্কিন শিল্প ও প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করছে বলে দাবি ওয়াশিংটনের।

তদন্তে যুক্তরাষ্ট্রের অভিযোগ, সংশ্লিষ্ট দেশগুলোর নীতি ও চর্চা উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি করছে, যা মার্কিন বাণিজ্যের ওপর চাপ সৃষ্টি করছে বা তা সীমিত করছে। গণশুনানি ও জনমত যাচাই শেষে প্রস্তাবিত এসব শুল্ক কার্যকর হতে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে একে ভিত্তিহীন বলে অভিহিত করা হয়েছে এবং অর্থনৈতিক বা রাজনৈতিক উদ্দেশ্যে এর ব্যবহারের বিরোধিতা করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত এই শুল্ক গাড়ি, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো খাতভিত্তিক শুল্কের ওপর যুক্ত হবে না। পাশাপাশি গত জুলাইয়ে জোরপূর্বক শ্রম প্রতিরোধে ঘাটতির অভিযোগে ৬০টি অর্থনীতির ওপর আরোপিত ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গেও এটি যোগ হবে না।

এর আগে গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপিত বিস্তৃত বৈশ্বিক শুল্ক বাতিল করে দিয়েছিল। উল্লেখ্য, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ বড় বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে এ তদন্ত চালাচ্ছে ইউএসটিআর।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় ইউএসটিআর এই তদন্ত শুরু করা হয়েছে। অন্যায্য বাণিজ্যিক কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে এই ধারাবলে মার্কিন প্রেসিডেন্ট অভিযুক্ত দেশগুলোর ওপর শুল্কারোপ করতে পারে।