ঢাকা, ২৫ নভেম্বর বুধবার, ২০২৬ || ১০ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৫০

বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৫ ২৪ নভেম্বর ২০২৬  

বিশ্বজুড়ে গত বছর অন্তত অন্তত ৪৭ হাজার নারী ও কন্যাশিশু তাদের ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের স্বজনদের হাতে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আল জাজিরা জানায়, ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ উপলক্ষে মঙ্গলবার প্রকাশিত ২০২৬ সালের ‘ফেমিসাইড ব্রিফ’ প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরেছে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) এবং জাতিসংঘের নারী সংস্থা ইউএন উইমেন।

প্রতিবেদনে নারী ও কন্যাশিশুদের জন্য এখনও সবচেয়ে অনিরাপদ স্থান তাদের নিজের ঘর বলে উল্লেখ করে বলা হয়েছে, বছরের পর বছর ধরে এ পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি।

ইউএন উইমেন জানিয়েছে, গত বছর বিশ্বে মোট ৭৮ হাজার নারী ও কন্যাশিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে যার প্রায় ৬০ শতাংশই ঘটিয়েছে তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যরা।

২০২৪ সালের প্রতিবেদনে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার নারীর সংখ্যা ৫০ হাজার উল্লেখ করা হয়েছিল। এর পরিবর্তে গত বছরের সংখ্যা ৪৭ হাজারে নেমে এলেও একে সহিংসতা কমে যাওয়ার প্রমাণ হিসেবে দেখছে না জাতিসংঘ। সংস্থাটির মতে, তথ্য সংগ্রহ ও হিসাব পদ্ধতির উন্নতির কারণেই সংখ্যার এই পার্থক্য তৈরি হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বের কোনো অঞ্চলই এ ধরনের সহিংসতা থেকে মুক্ত নয়। প্রতি এক লাখ নারী জনসংখ্যার বিপরীতে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যার শিকার হওয়ার হার আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি ২ দশমিক ৯ জন। এরপর আমেরিকা অঞ্চলে ১ দশমিক ৪, ওশেনিয়ায় ১ দশমিক ১, এশিয়ায় শূন্য দশমিক ৬ এবং ইউরোপে শূন্য দশমিক ৫ জন।

এ বিষয়ে ইউএনওডিসির নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, এই উদ্বেগজনক পরিসংখ্যানের পেছনে রয়েছে ভয়াবহ দৃষ্টিভঙ্গি, সামাজিক রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থার ব্যর্থতা। এ সব কারণে স্ত্রী, কন্যা, মা কিংবা বোনকে হত্যা করার মতো অপরাধও কোনো কোনো সমাজে সহনীয় হয়ে উঠছে।

পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিকর সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি পারিবারিক সহিংসতায় জড়িত ব্যক্তিদের জন্য বিশেষ কর্মসূচি, নারীর সুরক্ষা এবং মানবাধিকার ও মর্যাদা নিশ্চিত করতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

ইউএন উইমেন বলছে, নারী হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এর পেছনে দীর্ঘদিন ধরে চলতে থাকা সহিংসতা, হুমকি ও নির্যাতনের ধারাবাহিকতা থাকে। কিন্তু অধিকাংশ নারী ও কন্যাশিশু ভয়ে সাহায্য চান না অথবা চাইলেও প্রয়োজনীয় সুরক্ষা পান না। অন্যদিকে অনেক ক্ষেত্রে অপরাধীরা বিচারের আওতার বাইরেই থেকে যায়।

সংস্থাটির নির্বাহী পরিচালক সিমা বাহউস বলেন, সহিংসতার শিকার নারীদের নিরাপদে অভিযোগ জানানোর সুযোগ, সুরক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

নির্যাতনের আগাম লক্ষণ উপেক্ষা করা হলে কিংবা অভিযোগ যথাযথভাবে তদন্ত না হলে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করা না গেলে এর পরিণতি প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেন তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যার (ফেমিসাইড) হার কমছে অত্যন্ত ধীরগতিতে।

২০১০ সাল থেকে গত বছর পর্যন্ত আমেরিকা অঞ্চলে সামগ্রিক হত্যাকাণ্ডের হার যে গতিতে কমেছে, ফেমিসাইডের হার কমেছে তার প্রায় অর্ধেক গতিতে। আর ইউরোপে এ ব্যবধান প্রায় দেড় গুণ।