ঢাকা, ২৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ১১ কার্তিক ১৪৩৩
good-food
৮

ডি-থ্রি ট্রফির নিলাম

সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫২ ২৬ অক্টোবর ২০২৬  

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ডমেস্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির নিলামে ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর বাড়তি আগ্রহ। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি পয়েন্টে দল পেয়েছেন শরিফুল ইসলাম। ২ কোটি ৩০ লাখ পয়েন্টে এই পেসারকে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক। 

আরেক পেসার তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে কিনেছে ওয়ালটন। আর ওপেনার তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন।

সোমবার রাজধানীর শেরাটন হোটেলে চলছে ডি-থ্রি ট্রফির নিলাম। এতে অংশ নিচ্ছে ছয়টি দল। নিলামে তোলা হচ্ছে ২৭৫ জন ক্রিকেটারকে। তিন সংস্করণে আয়োজিত এই টুর্নামেন্ট আগামী ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা রয়েছে।

জাতীয় দলের আরেক ওপেনার সাইফ হাসানও পেয়েছেন বড় অঙ্কের পয়েন্ট। তাকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস। এ ছাড়া জাকের আলী অনিককে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে কিনেছে সিটিজেন ব্যাংক।

তবে নিলামে ঘোষিত পয়েন্টকে ক্রিকেটারদের পারিশ্রমিক হিসেবে দেখার সুযোগ নেই। এই পয়েন্টের ভিত্তিতে দলগুলো খেলোয়াড় বেছে নিচ্ছে। 

পারিশ্রমিক হিসেবে ক্রিকেটাররা পাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি। প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ১০ কোটি পয়েন্টের সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নিলামে ক্রিকেটারদের রাখা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৪০ লাখ পয়েন্ট, ‘বি’ ক্যাটাগরির ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরির ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরির ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ৫ লাখ পয়েন্ট।

ডোমেস্টিক থ্রি বা ডি–থ্রি হলো বিসিবির নতুন ঘরোয়া ক্রিকেট কাঠামো। যেখানে টি-টোয়েন্টি, এক দিনের ও চার দিনের ক্রিকেটকে একই প্রতিযোগিতার আওতায় আনা হয়েছে। 

ছয়টি করপোরেট দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের লক্ষ্য ঘরোয়া ক্রিকেটের আকর্ষণ বাড়ানো, খেলোয়াড়দের খেলার সুযোগ বৃদ্ধি এবং প্রতিযোগিতাকে আরও পেশাদার করা। তিন সংস্করণ মিলিয়ে ৪২টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর