ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
২৬৫

আনচেলত্তির ‘চূড়ান্ত সিদ্ধান্ত’, বিশ্বকাপে থাকছেন না নেইমার?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১০ ৩ এপ্রিল ২০২৬  

আসন্ন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে নেইমারকে ছাড়াই কি মাঠে নামবে ব্রাজিল? সান্তোসের এই তারকা ফুটবলারের সেলেসাও দলে জায়গা পাওয়া নিয়ে চলা জল্পনার মধ্যে এমন আভাসই দিয়েছে ইএসপিএন ব্রাজিল। সংবাদমাধ্যমটির দাবি, কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হচ্ছে না নেইমারের।

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমারকে না রাখার সিদ্ধান্ত নিয়ে আগেই আলোচনার জন্ম দিয়েছিলেন কার্লো আনচেলত্তি। তখন জানানো হয়েছিল, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে বিশ্রামে রাখা হয়েছে। তবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন ও কোচ শুরু থেকেই স্পষ্ট বার্তা দিয়েছেন যে দলে ফিরতে হলে নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতেও তাকে দলে ডাকা হয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াডের মধ্যে ২৪ জনের জায়গা প্রায় নিশ্চিত। সেই তালিকায় ৩৪ বছর বয়সী এই সুপারস্টারের নাম নেই বলে মার্কার সূত্রে জানা গেছে। কার্লো আনচেলত্তি মূলত বর্তমান স্কোয়াডের মূল কাঠামো ধরে রাখতেই বেশি আগ্রহী। 

প্রতিবেদন অনুযায়ী, বাকি দুই জায়গার জন্য লড়াই করছেন লুকাস পাকেতা, এন্দ্রিক ও ইগর থিয়াগো।

কোচ আনচেলত্তি তরুণদের ওপর ভরসা রেখে নতুনভাবে দল গড়তে চান। একক কোনো তারকার ওপর নির্ভর না করে দলীয় সংহতিতে জোর দিচ্ছেন তিনি। লক্ষ্য এমন একটি দল তৈরি করা, যা প্রতিপক্ষ ও পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারবে।

চোটের পাশাপাশি ধারাবাহিকতা ও ফিটনেসের অভাবও কোচের এই সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। নেইমার সর্বশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচেই তিনি হাঁটুর চোটে পড়েন। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে সান্তোসে ফিরলেও একাধিক ইনজুরির কারণে চলতি বছরে মাত্র পাঁচটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি।

এক দশকেরও বেশি সময় ধরে ব্রাজিল দলের প্রধান মুখ নেইমার। ফলে তার সম্ভাব্য অনুপস্থিতি মেনে নিতে পারছেন না ভক্ত ও বিশ্লেষকেরা। জোসে মরিনিও, রোমারিও, রোনালদো নাজারিও ও কাফুর মতো কিংবদন্তিরাও নেইমারের পক্ষে মত দিয়েছেন। এমনকি সতীর্থ রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রও তাকে দলে রাখার পক্ষে।

শেষ পর্যন্ত আনচেলত্তি যদি নেইমারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে তা ব্রাজিলের ফুটবলে এক যুগের অবসান হিসেবে গণ্য হবে। আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে। সেই তালিকাতেই মিলবে সব প্রশ্নের চূড়ান্ত উত্তর।

 
খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর