একজন তারিক আলী
মুহম্মদ জাফর ইকবাল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৫ ১৯ সেপ্টেম্বর ২০২০
যখন আমাদের দেশে করোনা মহামারী শুরু হয়েছিল তখন এই ভাইরাসটিকে একটি নির্বোধ ভাইরাস ছাড়া বেশি কিছু ভাবিনি। পৃথিবীর অনেক দেশ থেকে আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম বলে মাঝে মাঝে খানিকটা সান্ত্বনাও পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু যতই দিন যাচ্ছে গভীর বেদনা নিয়ে আবিষ্কার করছি এই ভাইরাসটি বেছে বেছে আমাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে যাচ্ছে। এরকম সর্বশেষ মানুষ হচ্ছেন জিয়াউদ্দিন তারিক আলী, আমাদের “তারিক ভাই”। যখন তার চলে যাওয়ার খবরটির সাথে সাথে কম্পিউটারের স্ক্রিনে তার ছবিটি ভেসে উঠল আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। একবারও ভাবিনি তিনি এভাবে চলে যাবেন। খবরটি পড়েও বিশ্বাস হতে চায় না।
তারিক আলীকে আমি বহুদিন থেকে চিনি। সেই আশির দশকের শেষে ক্যালিফোর্নিয়া থেকে নিউজার্সি এসে তার সাথে আমাদের পরিচয় হয়েছিল। বাংলাদেশের জন্য সময়টি তখন খারাপ, আমেরিকার বাঙালিদের মাঝেও তার প্রভাব পড়েছে। একদিন এক বাঙালি পরিবারের বাসায় একজন বিখ্যাত গায়ক এর অনুষ্ঠান শুনতে গেছি (নাম বললে সবাই তাকে চিনবে) তিনি দেশাত্মবোধক গান গাইছেন, সেখানে বঙ্গবন্ধুর নাম আছে, গান গাইবার সময় গায়ক তার নামটি উচ্চারণ করলেন না। গান থামিয়ে কারণটা ব্যাখ্যাও করে দিলেন—বিতর্কিত একজন মানুষের নাম তিনি উচ্চারণ করতে চান না! গান শেষ হবার পর আমি পকেট থেকে ১০ ডলার বের করে তার হারমোনিয়াম এর উপর রেখে বললাম, গান গেয়ে কিছু উপার্জন করার জন্য এই আয়োজন, সেই হিসেবে এটা আমার কন্ট্রিবিউশান, কিন্তু এখানে বসে আমার পক্ষে তার গান শোনা সম্ভব না। এত বিখ্যাত একজন গায়ককে আমি এভাবে অপমান করেছি সেই হিসেবে নিউজার্সিতে অনেকেই আমার উপর খুব নাখোশ ছিল।
সেই পরিবেশে নিউজার্সিতে তারিক আলী ছিলেন আমাদের অনুপ্রেরণা। বাংলাদেশের যেকোনো বড় দিবসের আগে অনেক বড় অনুষ্ঠানের পরিকল্পনা করা হতো, পুরোটাই হতো তারিক আলীর উপর ভরসা করে। কী কী গান গাওয়া হবে সেগুলো তিনি ঠিক করতেন। তারপর দিনের পর দিন রিহার্সেল করে শিল্পীদের সেই গান শেখাতেন। আমেরিকায় বড় হয়েছে ছেলে-মেয়েদের মুখে বাংলা আসতে চায় না (‘ত’ উচ্চারণ করতে পারে না, শুধু তাই নয় সেটা শুনতেও পায় না, ‘ট’ হিসেবে শুনে।) আড়ষ্ট একটা উচ্চারণে তারা বাংলা বলে। তাদেরকে বাংলা গান শেখানো সহজ কথা নয়। কিন্তু তারিক আলীর ধৈর্য অপরিসীম, তিনি একটির পর একটি গান শেখাতেন। মাঝে মাঝে আমাদের বাসায় রিহার্সেল হতো, দোতলায় যেখানে রিহার্সেল হতো সেটা খোলামেলা, নিচ থেকে দেখা যেত, আমরা নিচ থেকে দেখতাম তিনি কী দরদ দিয়ে গান শেখাচ্ছেন।
আমি এখনও স্পষ্ট শুনতে পাই তারিক আলী “তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি” গানটি শেখানোর সময়, “ও বাঙালি ও…” বলে একটা টান দিচ্ছেন, একটি গান যে কত দরদ দিয়ে গাওয়া যায় সেটি আমি তাকে দেখে জেনেছিলাম। তিনি যে “বাঙালি” বলার সময় পুরো দরদ ঢেলে দিতেন তার কারণ তিনি যে শুধু গানের লিরিকটি বলছেন তা নয়। তারিক আলী তার বিশ্বাসের কথা বলছেন, তার স্বপ্নের কথা বলছেন, তার ভালোবাসার কথা বলছেন। তিনি ছিলেন পুরোপুরি বাঙালি, তার চাইতে বেশি বাঙালি হওয়া সম্ভব কী না আমি জানি না।
প্রায় ঠিক এর কাছাকাছি সময়ে তারেক মাসুদ তার “মুক্তির গান” ছবিটি নিয়ে কাজ করছে। মুক্তিযুদ্ধের সময় লিয়ার লেভিন নামে একজন সাংবাদিক তার ক্যামেরা ক্রু নিয়ে বাংলাদেশের যুদ্ধক্ষেত্রে ফিল্ম করেছেন বলে শোনা যেত। কিন্তু সেই ফিল্ম কেউ কখনো দেখেনি। সেই খবর পেয়ে ক্যাথরিন এবং তারেক মাসুদ লিয়ার লেভিনকে খুঁজে বেড়াচ্ছে, তার নামটি ছাড়া তারা আর কিছুই জানে না। সেটাই সম্বল করে তারা টেলিফোন গাইড দেখে সকাল থেকে রাত পর্যন্ত যত লিয়ার লেভিনকে পাওয়া যায় তাদের সবাইকে ফোন করে যেত। এভাবে চেষ্টা করতে করতে একদিন তারা আসল লিয়ার লেভিনকে পেয়ে গেল। কিন্তু তিনি ক্যাথরিন এবং তারেক মাসুদকে তার ফিল্ম দিতে রাজী নন, যে দেশের মানুষ বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে, তাদেরকে তিনি আর বিশ্বাস করতে পারেন না। অনেক কষ্ট করে তাকে বুঝিয়ে সেই ফিল্ম উদ্ধার করা হলো, কিন্তু তিনি অনেক রকম বাধ্যবাধকতা দিয়ে দিলেন, সেগুলো অনেক খরচের ব্যাপার।
খবর পেয়ে আমেরিকার বাঙালিরা সাহায্যের জন্য এগিয়ে এলো এবং একদিন মুক্তির গানের প্রাথমিক ভার্সনটি নিউজার্সিতে আমাদের দেখানো হলো। আমরা দেখি আর চোখ মুছি। মুক্তিযুদ্ধের সময়ের সেই অবশ্বাস্য সময়টুকু একজন বিদেশী গভীর মমতায় তার ক্যামেরায় ধরে রেখেছে। সেখানে তারিক আলী—আমাদের সবার “তারিক ভাই” আছেন। শুকনো পাতলা একটা ছেলে, চোখে ভারী চশমা। দেশের জন্য তার কী আবেগ, কী ভালোবাসা! তিনি অস্ত্র হাতে যুদ্ধ করতে চান কিন্তু চোখে এত ভারী চশমা তাই তাকে সুযোগ দেওয়া হয় না। তিনি তাই তার দলের সবাইকে নিয়ে গান গেয়ে গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করে যাচ্ছেন। সেই ছবিটি দেখলে এখনো আমরা বুকের ভেতর কাঁপুনি অনুভব করি। এত মানুষের এত ভালোবাসার একটি দেশ, সেই দেশের জন্য ভালোবাসার মর্যাদাটুকু না দিলে কেমন করে হবে? তখন তারিক আলী একদিন নিজের দেশের মাটিতে ফিরে এলেন। তার কিছুদিন পর তারেক মাসুদ ক্যাথরিনকে নিয়ে দেশে এলো এবং প্রায় মোটামুটি একই সময়ে আমিও আমার পরিবার নিয়ে ফিরে এলাম।
যখন দেশের বাইরে ছিলাম তখন সু্যোগ পেলেই নানা দেশের মিউজিয়াম দেখতে গিয়েছি। আমেরিকার ওয়াশিংটন ডিসিতে যতবার হলোকাস্ট মিউজিয়ামটি দেখেছি ততবার দ্বিতীয় মহাযুদ্ধের বিভীষিকার রূপটি দেখে হতবাক হয়েছি। সেগুলো দেখতাম আর ভাবতাম পাকিস্তানি মিলিটারি আর রাজাকার আলবদরদের হাতে আমাদের ১৯৭১-এর বিভীষিকা তো কোনোভাবেই এর থেকে কম নয়, তাহলে আমাদের দেশে কেন একটি মুক্তিযুদ্ধের জাদুঘর তৈরি হয় না? উত্তরটি অবশ্য আমি নিজেই জানি, ৭৫ এর হত্যাকাণ্ডের পর যে সরকারগুলো ক্ষমতায় এসেছে তাদের কারো মুক্তিযুদ্ধের জন্য কোনো মায়া নেই। সেই সরকারগুলো কখনই জাদুঘর তৈরি করবে না, মুক্তিযুদ্ধ জাদুঘর যদি তৈরি করতে হয় সেটা হতে হবে অনেকটা ব্যক্তিগত উদ্যোগে।
সত্যিই তাই হলো। ১৯৯৬ সালে সেগুনবাগিচার একটি ভাড়া বাসায় আমাদের দেশের মুক্তিযুদ্ধ জাদুঘরটি প্রথমবার সবার জন্য উন্মুক্ত করা হলো। ডা. সারওয়ার আলীর ভাষায় ট্রাস্টি বোর্ডের মেম্বার সাত ভাই চম্পা এবং এক বোন পারুল! আশ্চর্য হওয়ার কিছু নেই, সাত ভাই চম্পার একজন তারিক আলী—আমাদের তারিক ভাই। সুযোগ পেলেই মুক্তিযুদ্ধ জাদুঘরে নিজে গিয়েছি অন্যদের নিয়ে গিয়েছি। পিছনের চত্বরটিতে কতবার কতরকম অনুষ্ঠানে অংশ নিয়েছি তার কোনো হিসাব নেই। যখন জাদুঘরটি আগারগাঁও তার স্থায়ী ভবনে স্থানান্তর হলো তার পেছনেও তারিক আলীর বিশাল অবদান। তারিক আলী কর্মজীবনে প্রকৌশলী তাই তার সমস্ত মেধা তিনি মিউজিয়ামের জন্য ঢেলে দিয়েছেন। যতদিন এই মিউজিয়ামটি এই দেশের মানুষকে মুক্তিযুদ্ধের ইতিহাসের সেই মহান দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেবে ততদিন তারিক আলীর স্মৃতি তার সাথে জড়িত থাকবে।
মুক্তিযুদ্ধের আদর্শের জন্য তার মতো নিবেদিত মানুষ খুব বেশি নেই। মনে আছে ২০০০ সালের দিকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভবনের নামকরণ করেছিলাম। বঙ্গবন্ধু থেকে শুরু করে জাহানারা ইমাম, সত্যেন বোস, জিসি দেব, হাছন রাজা এরকম সব বরেণ্যজনের নাম ছিল। স্বাধীনতাবিরোধী শক্তি সাথে সাথে এই নামকরণের বিরুদ্ধে ভয়াবহ একটা তাণ্ডব শুরু করে দিল। তার প্রতিবাদে ২৫ ডিসেম্বর একটি সভা ডাকা হয়েছে এবং জামাত-শিবির সরাসরি ঘোষণা দিয়ে সেটি প্রতিহত করার হুমকি দিল। সারা শহরে ভয়াবহ উত্তেজনা, বোমা পড়ছে, গাড়ী পুড়িয়ে দেওয়া হচ্ছে, আগুন জ্বলছে রীতিমতো যুদ্ধাবস্থা। যারা আয়োজক পরদিন সবাই নিরাপদে সভায় পৌঁছাতে পারবে কীনা তার নিশ্চয়তা নেই, তাই সবাই আগের রাতেই সুলতানা কামালের বাসায় রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। আমার উপর জামাত-শিবিরের আক্রোশ সবচেয়ে বেশি, তাই আয়োজকেরা আমাকে আসতে দিলেন না। যখন এই রকম ভয়াবহ অবস্থা, তার মাঝে তারিক আলী সভায় যোগ দেওয়ার জন্য রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে খুব ভোরে ঢাকা থেকে সিলেট চলে এলেন! এরকম একটি সময়ে তিনি চুপ করে ঘরে বসে থাকবেন কেমন করে?
২০১৩ সালে দেশে প্রশ্নফাঁসের বিশাল উৎসব! আমি নানাভাবে সেটার বিরুদ্ধে কথা বলে যাচ্ছি, কেউ গুরুত্ব দিচ্ছে না। এক ধরনের বিস্ময় নিয়ে আবিষ্কার করেছি দেশের বড় বড় শিক্ষাবিদ অধ্যাপকেরা কেউ মুখ ফুটে কিছু বলেন না। আমি কোনো উপায় না দেখে ঠিক করলাম, দরকার হলে একদিন একা প্ল্যাকার্ডে “প্রশ্ন ফাঁস মানি না মানবো না” লিখে শহীদ মিনারে বসে থাকব। সত্যি সত্যি একদিন বসে গেলাম, মোটামুটি একাই বসে ছিলাম, আমার খুব ঘনিষ্ঠ এক দুইজন ছাড়া কেউ নেই, সাথে শুধু কম বয়সী কিছু ছেলে মেয়ে আছে। তুমুল বৃষ্টি—তার মাঝে তারিক আলী এসে আমার পাশে বসে থাকলেন! তিনি কোথায় নেই?
এই দেশের যত অসাম্প্রদায়িক আন্দোলন তার সবগুলোতে তিনি আছেন। বনানীতে যে শারদীয় পূজামণ্ডপ হয় তিনি তার একজন উদ্যোক্তা। “বাংলাদেশ রুখে দাঁড়াও” এর আহ্বায়ক হয়ে সারা দেশে ঘুরে ঘুরে নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন করার স্বপ্নে “সম্মিলিত সামাজিক আন্দোলন” এর সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার কাজের কী শেষ আছে?
আমি এখনো বিশ্বাস করতে পারি না এই মানুষটি আর আমার দিকে তাকিয়ে মুচকি হাসবেন না। বলবেন না, “কী জাফর? কেমন আছ?”
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা

