ঢাকা, ১৮ জুলাই শনিবার, ২০২৬ || ৩ শ্রাবণ ১৪৩৩
good-food
১০৯

ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০১ ২৫ মে ২০২৬  

কান চলচ্চিত্র উৎসব আর ঐশ্বরিয়া রাই বচ্চন শব্দ দুটি যেন একে অপরের পরিপূরক। ফ্রেঞ্চ রিভিয়েরার নীল জলরাশির পটভূমিতে প্রতিবারের মতো এবারও নিজের চেনা জাদুতে মুগ্ধ করেছেন বচ্চন-বধূ। তবে তার পোশাক ও বয়স নিয়ে সোশ্যাল মিডিয়ায় একদল নেটিজেন কটাক্ষ শুরু করতেই ফুঁসে উঠলেন বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত। নিজের স্বভাবসিদ্ধ কড়া ভাষায় ট্রোলারদের ধুয়ে দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন রেড কার্পেটে বয়স্ক নারীদের দেখার অভ্যাস এবার তৈরি করা উচিত!

ইনস্টাগ্রাম স্টোরিতে ঐশ্বর্যর একটি ছবি শেয়ার করে কঙ্গনা নিন্দুকদের কড়া জবাব দেন। তিনি লেখেন, “ফ্যাশন ও স্টাইল হলো নিজেকে প্রকাশের মাধ্যম। কোনো নারীই অন্যের কাছে দায়বদ্ধ নন। ঐশ্বর্যকে দেখতে দুর্দান্ত লাগছে! যারা ওকে অন্যভাবে দেখতে চান, তারা নিজেরা কী করতে পারেন, সেটা আগে করে দেখান।”

এখানেই না থেমে কঙ্গনা আরও লেখেন, “ও এখানে তোমাদের খুশি করতে আসেনি। ও নিজেই একজন মহিমাময়ী নারী। তোমরা যদি রেড কার্পেটে একটু বেশি বয়সের নারীদের দেখতে অভ্যস্ত না হও, তবে এবার থেকে সেই অভ্যাসটা তৈরি করে নাও। ধন্যবাদ!” কঙ্গনার এই সপাট জবাব ইতিমধ্যেই নেটপাড়ায় তুমুল প্রশংসিত হচ্ছে।

২০০৩ সাল থেকে লোরিয়াল প্যারিসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কানের মঞ্চ মাতাচ্ছেন ঐশ্বর্য। এবারের ৭৯তম কান উৎসবে ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি ‘লুমিনারা’ নামের একটি স্কাল্পচারাল ব্লু গাউনে রেড কার্পেটে ঝড় তোলেন তিনি। এরপর একটি সান্ধ্যকালীন অনুষ্ঠানে ফ্যাশন হাউস ‘সোফি কুচুর’-এর প্যাস্টেল পিঙ্ক গাউনে নজর কাড়েন। আর উৎসবের সমাপনী দিনে সাদা লেয়ার্ড টুক্সিডো ও পালকের ওড়না (ফেদার বোয়া) জড়িয়ে একেবারে ‘বস লেডি’ অবতারে ধরা দেন এই বিশ্বসুন্দরী।

এবারের কানের অন্যতম বড় চমক ছিল ঐশ্বর্য-কন্যা আরাধ্যা বচ্চন। ছোটবেলা থেকেই মায়ের হাত ধরে কান উৎসবে গেলেও, এবারই প্রথম অফিশিয়ালি কানের রেড কার্পেটে পা রাখল সে। একটি জমকালো রুবি-রেড গাউন ও ম্যাচিং কেপে মায়ের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক মিডিয়ার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে পোজ দেয় আরাধ্যা। মা-মেয়ের এই গ্ল্যামারাস উপস্থিতি এখন বিশ্ব মিডিয়ার অন্যতম চর্চিত বিষয়।
ব্যক্তিগত জীবন হোক বা পোশাক ঐশ্বর্যকে নিয়ে ট্রোলিং নতুন কিছু নয় এবং তিনি বরাবরই এসব এড়িয়ে চলেন। তবে কঙ্গনা রানাউতের মতো একজন স্পষ্টবক্তা যেভাবে স্বতঃপ্রণোদিত হয়ে রাই-সুন্দরীর পাশে দাঁড়িয়ে নিন্দুকদের মুখ বন্ধ করেছেন, তাকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর