ঢাকা, ২৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ১২ কার্তিক ১৪৩৩
good-food
৭৯৮

কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান কিনবে সরকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩১ ২৮ অক্টোবর ২০২০  

প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভ্যন্তরীণ বাজার থেকে ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিক টন ধান, ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মোট সাড়ে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহ করা হবে।

 

বুধবার খাদ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে যুক্ত হন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

 

এসময় বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির শীর্ষ কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, আগামী ৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান, ১৫ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সিদ্ধ চাল এবং আতপ চাল সংগ্রহ করা হবে।

 

প্রান্তিক চাষীর ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার প্রতিবছর বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ করে। তবে আমন মৌসুমে শুধু চাল সংগ্রহ করা হতো। গতবছর থেকে আমন মৌসুমে চালের পাশাপাশি ধানও সংগ্রহ করা হচ্ছে।

 

এখন পর্যন্ত ১০ লাখ ৮১ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সরকারি গুদামে মজুদ রয়েছে। গতবছর ২৬ টাকা দরে ৬ লাখ মেট্রিক টন ধান, ৩৬ টাকা দরে ৩ লাখ ৩৮ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা দরে ৪৩ হাজার ৪০১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করে সরকার।
 

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর