ঢাকা, ১৪ অক্টোবর বুধবার, ২০২৬ || ২৯ আশ্বিন ১৪৩৩
good-food
১০

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪০ ১৪ অক্টোবর ২০২৬  

বিশাল লক্ষ্য দিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জিততে পারেনি বাংলাদেশ। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে কয়েকজন ক্রিকেটারের।

ক্যারিয়ার সেরা অবস্থানে ফিরেছেন হাসান মাহমুদ। উন্নতি হয়েছে লিটন দাস, ইবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজেরও। বুধবার সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি।

আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেন হাসান। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে টানা তিন বলে তিন উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। দ্বিতীয় ইনিংসে নেন আরও একটি উইকেট। 

তাতে সাত ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় ৩৮তম স্থানে উঠেছেন হাসান। এটিই তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পরও প্রথমবার এই অবস্থানে উঠেছিলেন তিনি। 

টেস্টে দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে ৬৭তম স্থানে জায়গা করে নিয়েছেন ইবাদত। চার উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের বোলারদের মধ্যে তার ওপরে আছেন শুধু তাইজুল ইসলাম। অবশ্য এই স্পিনার তিন ধাপ পিছিয়ে ১৮ নম্বরে আছেন।

ব্যাটারদের তালিকায় দুই ইনিংসে ৫৩ ও ১০২ রান করে তিন ধাপ এগিয়েছেন লিটন। ভারতের লোকেশ রাহুলের সঙ্গে যৌথভাবে ২৯তম স্থানে তিনি। 

প্রথম ইনিংসে ফিফটি করা তানজিদ হাসান তামিম ১০ ধাপ এগিয়ে ৯২তম স্থানে। এক ধাপ পিছিয়ে মুশফিকুর রহিম ১৮তম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২১তম স্থানে আছেন।

আফগানিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ সালিম ২১ ধাপ এগিয়ে ৭২তম, ইয়ামিন আহমাদজাই ছয় ধাপ এগিয়ে ৭৯তম এবং ইসমাত আলাম ১৯ ধাপ এগিয়ে ১০০তম স্থানে উঠেছেন। 

ব্যাটারদের তালিকায় প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ফিফটি করা অধিনায়ক রহমাত শাহ ১৩ ধাপ এগিয়ে ১৩তম স্থানে। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা সেদিকউল্লাহ আতাল ৪১ ধাপ এগিয়ে ৯১তম স্থানে আছেন।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই তৃতীয় স্থানে মিরাজ। তার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও ভারতের রবীন্দ্র জাদেজা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর