ঢাকা, ১৬ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
১২১

জামিন পেলেন তানজিন তিশা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৬ ১৩ আগস্ট ২০২৬  

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন৷

তানজিন তিশার পক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানী ও নিহার হোসেন ফারুক দেশকাল নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। 

এদিন সকাল ১০টা ৫০ মিনিটে আদালতে আসেন তানজিন তিশা। ১১টা ২২ মিনিটে এজলাসে আসেন বিচারক। এ সময় আসামি ও বাদীপক্ষের বক্তব্য শুনেন বিচারক। শুনানি শেষে আদালত তানজিন তিশার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে নির্দেশ দেয় আদালত। 

মামলার অভিযোগে বলা হয়, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। তবে পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় পেজটির এডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করেন।

মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সম্প্রতি ডিবির জমা দেওয়া প্রতিবেদন আদালত আমলে নিয়ে সমন জারি করে তানজিন তিশাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।