ঢাকা, ০৬ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ২১ আশ্বিন ১৪৩৩
good-food
১০

ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৫ ৬ অক্টোবর ২০২৬  

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার পর ডেঙ্গু জ্বরের জীবাণু বহনকারী এডিস মশা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার আগ্রহ তৈরি হয়েছে মানুষের মধ্যে। এডিস মশা খালি চোখে দেখে চেনা যায় কি না, এটি কখন কামড়ায় কিংবা এ মশা শরীরের বিশেষ কোনো জায়গায় কামড়ায় কি না—এ ধরনের নানা প্রশ্ন সামনে আসছে। এডিস মশা চেনার উপায়, কামড়ানোর সময় ও ডেঙ্গু সংক্রমণের সার্বিক বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলো।

এডিস মশা দেখতে কেমন?

বিশেষজ্ঞরা জানান, ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা খালি চোখে দেখে শনাক্ত করা সম্ভব। এ জাতীয় মশার দেহে সাদা-কালো ডোরাকাটা দাগ থাকে, যে কারণে এটিকে ‘টাইগার মশা’ বলা হয়। এ জাতীয় মশা মাঝারি আকারের হয়ে থাকে এবং এর অ্যান্টেনা বা শুঙ্গটি কিছুটা লোমশ দেখতে হয়। এডিস মশার অ্যান্টেনায় অনেকটা দাড়ির মতো থাকে। পুরুষ মশার অ্যান্টেনা স্ত্রী মশার চেয়ে অপেক্ষাকৃত বেশি লোমশ দেখতে হয়। দেহের ডোরাকাটা দাগ এবং অ্যান্টেনা দেখেই এডিস মশা চেনা সম্ভব।   

শুধু কি সকালে কামড়ায়?

শুধু দিনের আলো থাকাকালীন সময়েই এডিস মশা কামড়ায় বলে নিশ্চিত করেন বিশেষজ্ঞরা। তারা জানান, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এডিস মশা কামড়ায়। তবে কামড়ানোর হার সবচেয়ে বেশি থাকে সূর্যোদয়ের পর দুই-তিন ঘণ্টা এবং সূর্যাস্তের আগের কয়েক ঘণ্টা। রাতে এডিস মশা কামড়ায় না।

শুধু কি পায়েই কামড়ায়?

এডিস মশা শুধু মানুষের পায়েই কামড়ায়—সামাজিক মাধ্যমে প্রচারিত এমন দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন ডেঙ্গু বিশেষজ্ঞরা। তারা জানান, মশা সাধারণত মানুষের পায়েই বেশি কামড়ায়, কারণ সাধারণত মানুষের পা-ই অনাবৃত থাকে। তবে শুধু যে পায়েই মশা কামড়ায়, বিষয়টি মোটেও সেরকম নয়। অনাবৃত যেকোনো স্থানেই এ মশা কামড়াতে পারে।

একবার কামড়ালেই কি ডেঙ্গু হয়?

এডিস মশা কামড়ালেই যে মানুষের ডেঙ্গুজ্বর হবে, বিষয়টি তেমন নয় বলে জানান ডেঙ্গু বিশেষজ্ঞরা। তারা জানান, পরিবেশ বা আক্রান্ত ব্যক্তি থেকে ভাইরাস এডিস মশার মধ্যে সংক্রমিত হলে সেই মশার কামড়ে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। ভাইরাস সংক্রমিত অবস্থায় মশা মানুষকে কামড়ালে তবেই সুস্থ মানুষের ডেঙ্গু হতে পারে।

এডিস মশার একটি বিশেষ আচরণ হলো, এরা সাধারণত একই সময়ে একাধিক ব্যক্তিকে কামড়ায়। তাই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির শরীর থেকে এডিস মশার মধ্যে ভাইরাস সংক্রমিত হওয়ার পর সেই মশার কামড়েই মূলত অন্য মানুষের ডেঙ্গু ছড়িয়ে পড়ে।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর