ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
৭২

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনে দায়ী মেসি!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০২ ৫ মে ২০২৬  

ভারতের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নধর্মী এক রসিকতা সামনে এনেছেন পরিচালক প্রতীম ডি গুপ্তা। 

তার দাবি, পশ্চিমবঙ্গের নির্বাচনের ভাগ্য ইভিএম নয়, বরং নির্ধারণ করেন ফুটবল তারকা লিওনেল মেসি। এই মজার তত্ত্বে আরও রসদ যোগ করেছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক।

প্রতীম তার পোস্টে দুটি সময়ের উল্লেখ করেন। প্রথমটি ২০১১ সাল। সে সময় লিওনেল মেসি কলকাতায় এসেছিলেন, আর একই বছরে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটে। 

দ্বিতীয়টি ২০২৫ সাল। ডিসেম্বরে আবারও কলকাতায় আসেন মেসি, আর তার পরের বছর ২০২৬ সালের নির্বাচনে রাজ্যে ফের বড় রাজনৈতিক পরিবর্তন দেখা যায়।

এ নিয়েই প্রতীম রসিকতা করে লেখেন, ‘ইভিএম বা এক্সিট পোল ভুলে যান। মেসিই আসল কারণ। তিনি এমনি এমনি সর্বকালের সেরা (গোট) নন!’

তবে তার এই মন্তব্য পুরোপুরি বাস্তবতার সঙ্গে মেলে না। কারণ, ২০১১ সালে মেসি কলকাতায় আসার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার রাজনৈতিক পালাবদল প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে হাস্যরসের কমতি নেই।

অভিনেতা অরিত্র দত্ত বণিকও এ নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করেন। তিনি লেখেন, ‘বাংলার প্রেস খুবই খারাপ। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হয়ে গেল, কিন্তু লিওনেল মেসির কোনো প্রতিক্রিয়া নেওয়া হলো না। চক্রান্ত!’

মূলত টালিগঞ্জ কেন্দ্র এবং সেখানে বিদায়ী বিধায়ক অরূপ বিশ্বাসের পরাজয়কে ঘিরেই এই মন্তব্য করেন তিনি। ফুটবলপাগল টালিগঞ্জে সরকার পরিবর্তনের পর ‘মূল কারিগর’ হিসেবে মেসির নাম টেনে আনা তার এই মস্করা দ্রুত ভাইরাল হয়ে যায়।

নেটিজেনদের একাংশের মতে, অরূপ বিশ্বাসের দীর্ঘদিনের প্রভাব কমে যাওয়ার দিনে অরিত্রর এই মন্তব্য বাড়তি হাসির খোরাক জুগিয়েছে।

কেউ লিখেছেন, ‘সত্যিই তো, মেসির বাইট ছাড়া খবরটাই অসম্পূর্ণ!’ আবার কেউ মজা করে বলেছেন, ‘পরের বার জিততে হলে বুঝি নেইমারকে ডাকতে হবে!’

রাজনীতির গুরুতর আলোচনায় লিওনেল মেসিকে টেনে এনে টলিপাড়ার এই রসিকতা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর