ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
২৬৩

পাকিস্তান ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ জরিমানা গুনলেন নাসিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৮ ৩১ মার্চ ২০২৬  

পাকিস্তানের পেসার নাসিম শাহকে ৭২ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড়কে এত বড় অঙ্কের জরিমানা করা হয়নি।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

পিসিবি সূত্র জানায়, নাসিম শাহ বার্ষিক যে পারিশ্রমিক পান, সেটার প্রায় দুই-তৃতীয়াংশ এই জরিমানার আওতায় পড়েছে। পাকিস্তানি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি রুপি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মরিয়াম নওয়াজ। ওই সময় তাকে স্বাগত জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। 

সেই ছবি পিসিবির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়। সেখানে নাসিম শাহ মন্তব্য করেন, ‘মরিয়মকে কেন সবসময় রানির মতো সম্মান দেওয়া হয়?’

এই মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়। নারী মুখ্যমন্ত্রীকে অসম্মান করার অভিযোগ ওঠে নাসিমের বিরুদ্ধে।

যদিও নাসিম শাহ দাবি করেন, তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। বিষয়টি জানার পর তিনি মন্তব্যটি মুছে দেন।

তবে পিসিবি নাসিমের এই ব্যাখ্যা গ্রহণ করেনি। বোর্ডের পক্ষ থেকে তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। তদন্ত শেষে চুক্তিভঙ্গ, শৃঙ্খলাভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের অভিযোগে পাক পেসারকে এই জরিমানা করা হয়েছে।

 
খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর