ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
২৪৯

প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগ অভিনেত্রীর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৬ ১০ এপ্রিল ২০২৬  

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে টলিউড যখন শোকবিহ্বল ও অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় এক খ্যাতনামা প্রযোজকের বিরুদ্ধে আট বছর ধরে হেনস্তার অভিযোগ তুললেন অভিনেত্রী সুকন্যা দত্ত গুহ। 

বাংলা টেলিদুনিয়ার পরিচিত প্রযোজনা সংস্থা ‘টেন্ট সিনেমা’র কর্ণধার সুশান্ত দাসের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ এনেছেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন সুকন্যা।

টলিউড সূত্রে জানা গেছে, রাহুলের প্রয়াণের পর স্টুডিওপাড়ার নিরাপত্তা ও শিল্পীদের জীবন-জীবিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই আবহে সুকন্যা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 

সুকন্যার দাবি, সুশান্ত দাস দীর্ঘদিন ধরে সুকন্যা ও সুকন্যার পরিবারকে নানাভাবে উত্যক্ত করছেন। 

সুকন্যা জানান, সুশান্ত দাসের প্রযোজিত ‘দীপ জ্বেলে যাই’ ধারাবাহিকে কাজ করার সময় তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় সুকন্যার অভিনীত দৃশ্যটি বাদ দেওয়া হয়।

সুকন্যা দত্ত গুহ বলেন, “ইন্ডাস্ট্রির এই নামী প্রোডাকশন হাউস আমার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নষ্ট করার পেছনে জড়িত। আমার ওপর দিনের পর দিন অন্যায় হয়েছে। আমাকে এমন কিছু করতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল যেখানে আমার স্বতঃস্ফূর্ত সম্মতি ছিল না। ওই ব্যক্তির হাত ধরে আজ অনেক সিরিয়ালের নায়িকা তৈরি হলেও সেই সাফল্যের পেছনে কী আছে, তা অনেকেই জানেন। অনেক মেয়েই এই নোংরামি সহ্য করতে না পেরে সরে গেছে। আমি নিজে চোখে এসব দেখেছি। যারা প্রতিবাদ করে, তারা কাজ পায় না বা ইন্ডাস্ট্রি থেকে বাদ পড়ে যায়।”

অভিনেত্রীর আরও অভিযোগ, ফেসবুকে পোস্ট করার পর থেকে ওই প্রযোজক প্রভাব খাটিয়ে সুকন্যাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সুকন্যার বাবাকে ১২ বার ফোন করে পোস্ট মুছে ফেলার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। 

সুকন্যা বলেন, “আমি তখন সন্তোষপুরে থাকতাম, সুশান্ত দাসের বাড়িও সেখানে ছিল। সুযোগ পেলেই আমার ফ্ল্যাটে এসে তিনি উৎপাত করতেন ও মিথ্যে প্রতিশ্রুতি দিতেন। আমার স্বামী সব শুনে মনে জোর দিয়েছেন। আমি আর চুপ থাকব না, এর শেষ দেখে ছাড়ব।”

একটি সূত্র জানায়, ওই অভিনেত্রীর বিরুদ্ধে পালটা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই প্রযোজক।

 
বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর