ঢাকা, ১২ মার্চ বৃহস্পতিবার, ২০২৬ || ২৭ ফাল্গুন ১৪৩২
good-food
২১

ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১১ ১১ মার্চ ২০২৬  

বৈশ্বিক সংকটের মধ্যে জ্বালানির সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের সরবরাহ বাড়ানো হয়েছে।

বুধবার বিপিসির পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিলিং স্টেশনগুলোর জন্য পূর্বে নির্ধারিত জ্বালানি বরাদ্দের কাটছাঁট শিথিল করা হয়েছে। আগে যেখানে স্টেশনগুলোকে তাদের গড় বিক্রির তুলনায় ২৫ শতাংশ কম সরবরাহ দেওয়া হতো, এখন সেই হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

এর ফলে, এখন থেকে প্রতিটি ফিলিং স্টেশন তাদের অনুমোদিত বরাদ্দ তালিকা অনুযায়ী গড় বিক্রয় পরিমাণের ৮৫ শতাংশ পেট্রোল ও অকটেন পাবে। এই সিদ্ধান্তের ফলে স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ আগের চেয়ে কার্যকরভাবে ১০ শতাংশ বৃদ্ধি পেল।

বিপিসি জানিয়েছে, জ্বালানি বাজারে চলমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সাধারণ মানুষের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি তাদের অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপারভাইজার, সেলস অফিসার ও ডিলারদের সংশোধিত তালিকা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে।
শিল্পখাতেও সরবরাহ নিশ্চিতের নির্দেশ

এদিন পৃথক আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিসি তাদের বিপণন কোম্পানিগুলোকে নিবন্ধিত গ্রাহকদের কাছে সরাসরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। শিল্প ও বাণিজ্যিক খাতের কার্যক্রম সচল রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিপিসি আরও জানায়, দেশে জ্বালানির স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা ধরে রাখতে আগাম তেল আমদানির সূচি তৈরি করা হয়েছে। সে অনুযায়ী, সমুদ্রপথে নিয়মিত তেলবাহী জাহাজ আসছে। এসব তেল প্রধান স্থাপনা থেকে বিভিন্ন ডিপোতে এবং পরবর্তীতে বিপণন কোম্পানির মাধ্যমে সারা দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

বিপিসির সচিব শাহিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের ফলে বিভাগীয় শহরসহ সারা দেশে জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকবে।