ঢাকা, ২১ জুলাই মঙ্গলবার, ২০২৬ || ৬ শ্রাবণ ১৪৩৩
good-food
৫০

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০৫ ২১ জুলাই ২০২৬  

আগামী মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাকাই আর ডারউইনে হতে যাওয়া এই সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির স্কোয়াডই ঘোষণা করেছে। দলে চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হেইজেলউড ও ন্যাথান লায়ন। গত মৌসুমে অসাধারণ পারফর্ম করা মিচেল স্টার্ক তো আছেনই।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলের সঙ্গে তলানির দিকের দলের এই লড়াই শুরু হচ্ছে আগামী ১৩ অগাস্ট ডারউইন টেস্ট দিয়ে। পরের টেস্ট ম্যাকাইয়ে ২২ অগাস্ট থেকে। এই সিরিজ দিয়ে ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার সবশেষ টেস্ট খেলেছে গত জানুয়ারিতে অ্যাশেজের সিডনি টেস্ট। সেখানে চোটের কারণে ছিলেন না কামিন্স, হেইজেলউড ও লায়ন। ওই টেস্টসহ অ্যাশেজে তিন টেস্ট খেলে দারুণ পারফর্ম করা মাইকেল নিসার দুর্ভাগ্যজনকভাবে বাইরে চলে গেলেন মূল ক্রিকেটারররা ফেরায়।

নিসারের সঙ্গে এই সিরিজের স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে সিডনিতে ওই টেস্টের স্কোয়াডে থাকা পেসার ব্রেন্ডান ডগেট ও অফ স্পিনার টড মার্ফিকে। 

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বললেন, মূল বোলিং আক্রমণকে একসঙ্গে ফিরে পেয়ে তারা রোমাঞ্চিত।

তিনি বলেন, “প্যাট (কামিন্স), জশ (হেইজেলউড) এবং ন্যাথানের (লায়ন) প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে আছে এনএসপি (জাতীয় নির্বাচক প্যানেল)। তারা চোট থেকে সেরে ওঠার জন্য গত কয়েক মাস ধরে ব্যক্তিগতভাবে এবং এসএসএসএম (স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন) দলের সঙ্গে প্রচণ্ড কঠোর পরিশ্রম করেছে। যদিও এটি ১৩ সদস্যের একটি দল, এই ম্যাচগুলোর আগে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে আমাদের ক্রিকেটাররা প্রস্তুত থাকবে ও সবাইকে পাওয়া যাবে।”

ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে টিকে গেছেন জেইক ওয়েদেরল্ড। তবে অ্যাশেজে ১০ ইনিংসে মাত্র একটি ফিফটি করা ওপেনারের জন্য বাংলাদেশ সিরিজ হবে একটি পরীক্ষা। ভালো করতে না পারলে হারাতে হতে পারে জায়গা।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জেইক ওয়েদেরল্ড ও বাউ ওয়েবস্টার।