ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
৮০

বিসিবির সভায় যা যা সিদ্ধান্ত হলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৭ ৬ মে ২০২৬  

তিন দিনের মধ্যে হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির দুটি সভা। এবারের সভায় নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ব্যবস্থাপনা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির এটি চতুর্থ সভা। 

আগের সভায় নির্বাচনী প্রক্রিয়া শুরুর ঘোষণা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবারের সভায় চূড়ান্ত হলো কাউন্সিলরের সংখ্যা ও কাউন্সিলর মনোনয়নের সময়সীমা।

সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুসারে, বিভিন্ন সংস্থা, ক্লাব ও সংগঠনগুলির একটি তালিকা চূড়ান্ত করেছে বোর্ড, যেখান থেকে তিনটি ক্যাটেগরিতে ১৯২ জন কাউন্সিলরের নাম আহ্বান করা হবে। 

সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব এবং সংগঠনগুলিকে তাদের কাউন্সিলরদের মনোনয়নের জন্য চিঠি পাঠাবে বোর্ড। কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ সময় আগামী ১৬ মে।

এ ছাড়া বর্তমান জেলা কোচদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই পদের জন্য যারা আবেদন করেছেন, তাদের যথাযথ মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। 

এই কমিটির সামনে তাত্ত্বিক ও ব্যবহারিক, উভয় পরীক্ষারই মুখোমুখি হতে হবে কোচদের। ৬৪ জেলার কোচদের নিয়োগ পেতে এই প্রক্রিয়া ভেতর দিয়ে যেতে হবে।

এ ছাড়াও ম্যাচ রেফারি ও আম্পায়ারদের চুক্তির মেয়াদ তিন মাসের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে বিসিবি। গত ৩০ এপ্রিল তাদের আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর