ঢাকা, ১৩ মার্চ শুক্রবার, ২০২৬ || ২৯ ফাল্গুন ১৪৩২
good-food

ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫২ ১৩ মার্চ ২০২৬  

ঈদকে সামনে রেখে বড় লাফ দিয়েছে ব্রয়লার মুরগির দাম। একই সঙ্গে বেড়েছে সোনালি মুরগির দরও। এতে প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে ২৩০ টাকায়। মুরগির দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে সবজি, আলু ও পেঁয়াজের দর।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে জানা গেছে, রোজার শুরুতে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়ে ২০০ থেকে ২১০ টাকায় উঠেছিল। পরে ৩০ টাকা কমে বিক্রি হয় ১৭০ টাকায়। রোজার মাঝামাঝি এসে দাম আবার বাড়তে শুরু করেছে। বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকায়, যা গত দুই বছরে সর্বোচ্চ দাম বলে জানিয়েছেন বিক্রেতারা।

কারওয়ান বাজারের বাংলা চিকেন হাউজের বিক্রেতা ফয়েজ উদ্দিন বলেন, “একদিকে রমজান, অন্যদিকে সামনে ঈদ- সব মিলিয়ে দাম বাড়ছে। গত পাঁচ-ছয় দিন ধরে মুরগির দাম বাড়তির দিকে।“

ফয়েজ জানান, বড় আকারের ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২২০ টাকা এবং ছোট আকারের ব্রয়লার ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৫০ টাকা এবং হাইব্রিড সোনালি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা কেজিতে।

ডিমের দামে অবশ্য কোনো পরিবর্তন নেই। আগের মতোই প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

বাজারে উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে চিনির দাম। প্রতি কেজি খোলা ও প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১০৫ টাকায়।

বিক্রেতারা জানান, রমজানে পাইকারিতে ৫০ কেজির বস্তায় চিনির দাম বেড়েছে ৩০০ টাকা। এতে পাইকারিতে কেজিপ্রতি দাম বেড়েছে প্রায় ৬ টাকা।

এদিকে কয়েক দিন ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে। পণ্যটির দাম না বাড়লেও ক্রেতারা অনেক দোকানে গিয়ে এক লিটার ও দুই লিটারের বোতল পাচ্ছেন না বলে জানিয়েছেন।

লেবু, শসা, বেগুন, কাঁচামরিচ ও পেঁয়াজের দাম স্থিতিশীল।

এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, তেল কোম্পানির ডিলাররা কম সরবরাহ করছেন। চাহিদার তুলনায় প্রায় অর্ধেক তেল পাওয়া যাচ্ছে।

স্থিতিশীল সবজির দর
রোজার শুরুতেই বাজারে লেবু, শসা, বেগুন, কাঁচামরিচ ও পেঁয়াজের দাম বেড়েছিল। তবে এক সপ্তাহ পর থেকে এসব পণ্যের দাম কিছুটা কমে স্থিতিশীল রয়েছে। বাজারে এক হালি লেবু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকায়। এছাড়া প্রতি কেজি বেগুন পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়।

একইভাবে শসার দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে কেজিপ্রতি শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। অন্যান্য সবজির দামও মোটামুটি স্থিতিশীল রয়েছে।

বাজারে শিম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা দরে। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। গাজর ও টমেটো পাওয়া যাচ্ছে ৪০ টাকা কেজি দরে এবং উচ্ছে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে।

দাম স্থিতিশীল রয়েছে পেঁয়াজের। কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। অন্যদিকে নিম্নমূল্যে স্থিতিশীল রয়েছে আলুর দাম, প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ টাকায়। বাজারে রসুন পাওয়া যাচ্ছে ৮০ থেকে ১০০ টাকায় এবং আদা বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে।

এদিকে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকায়, আর খাসির মাংস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় ১ হাজার ২৫০ টাকা।