ঢাকা, ২৪ অক্টোবর শনিবার, ২০২৬ || ৯ কার্তিক ১৪৩৩
good-food
৮৮৯

মাছ-মাংসসহ সব খাদ্যপণ্য কতটা নিরাপদ?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৫ ১৪ মার্চ ২০১৯  

মাছ-মাংসসহ অন্যান্য খাদ্যপণ্য জনগণের জন্য কতটা নিরাপদ? জানতে চেয়েছেন হাইকোর্ট। পরীক্ষা-নিরীক্ষা করে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- তা জানাতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন। আগামী ৫ মে’র মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জনগণের জন্য মাছ-মাংসসহ নিরাপদ খাদ্য সরবরাহে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারিও করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে করা রিট আবেদনের শুনানি হয় বৃহস্পতিবার। পরে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জে আর খান রবীন। রিটে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বিএসটিআইয়ের মহাপরিচালক ও পুলিশের আইজিসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।

গেল বছরের ২৭ মে বোতলজাত পানি নিয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট শাম্মী আক্তার। এ রিটের সঙ্গে এদিন সম্পূরক আবেদনটি আদালতে উত্থাপন করা হয়। পরে শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন।

রিটকারী অ্যাডভোকেট রবীন জানান, নিরাপদ পানির বিষয়ে করা মামলার শুনানিতে মাছ-মাংসসহ জনগণের নিত্যপ্রয়োজনীয় খাবার নিরাপদ কি না জানতে নির্দেশনা চেয়েছিলাম। শুনানি শেষে এ নিয়ে রুল জারি করছেন। একইসঙ্গে মাছ ও মাংস পরীক্ষা-নিরীক্ষা করে কী পদক্ষেপ নেয়া হয়েছে-এর প্রতিবেদন জমা দিতে কর্তৃপক্ষকে আদেশ দেয়া হয়েছে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর