ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
১৪৩

মেসির নতুন ইতিহাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৭ ১০ মে ২০২৬  

শুরুতে হতাশা ছিল, শেষটা হলো ইতিহাসে মোড়া। ঘরের মাঠে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে এবার প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ইন্টার মায়ামি সিএফ। আর সেই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিনি গোল করেছেন, করিয়েছেনও।

টরোন্টোর এফসির বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে এমএলএস ইতিহাসে দ্রুততম সময়ে ১০০ গোল ও গোলে অবদানের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন কিংবদন্তি। মাত্র ৬৪ ম্যাচেই ৫৯ গোল ও ৪১ অ্যাসিস্টে এই অনন্য কীর্তি গড়লেন তিনি।

এর আগে এই রেকর্ড ছিল সেবাস্তিয়ান জিওভিনকোর দখলে। তবে শততম গোল-অ্যাসিস্টে পৌঁছাতে তাকে খেলতে হয়েছিল আরও ৩১টি ম্যাচ বেশি।

ম্যাচের শুরুতে অবশ্য সহজে ছন্দ পায়নি মায়ামি। প্রথম গোল আসে ৪৪ মিনিটে। ফ্রি-কিক থেকে ফিরে আসা বল দারুণ ভলিতে জালে পাঠান রদ্রিগো ডি পলl। বিরতির পর মেসির নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ।

এরপর মেসি-জাদু আরও ছড়িয়ে পড়ে। ৬৮ মিনিটে আক্রমণভাগে দারুণ সমন্বয়ের পর গোল করেন সের্হিও রেগিলন। আর ৭৫ মিনিটে নিজের নামও স্কোরশিটে তোলেন মেসি। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ডি পলের সঙ্গে ওয়ান-টু পাস খেলে বাঁ পায়ের শটে বল জালে জড়ান বিশ্বকাপজয়ী অধিনায়ক।

শেষদিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে টরন্টো। ৮২ ও ৯০ মিনিটে জোড়া গোল করেন এমিলিও আরিস্তেগি। তবে ততক্ষণে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিল মায়ামি।

এই জয়ে মেজর লিগ সকার (এমএলএস) এর ইস্টার্ন কনফারেন্স টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। শীর্ষে থাকা ন্যাশভিল এসসির পয়েন্ট ২৩, যদিও তারা খেলেছে দুটি ম্যাচ কম।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর