ঢাকা, ১১ মার্চ বুধবার, ২০২৬ || ২৭ ফাল্গুন ১৪৩২
good-food
৫৬

মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৫ ৮ মার্চ ২০২৬  

ক্রিকেট মাঠের পর এবার বিনোদন দুনিয়ায় নতুন করে 'দাদাগিরি' দেখাতে প্রস্তুত সৌরভ গঙ্গোপাধ্যায়। জি বাংলার জনপ্রিয় শো 'দাদাগিরি'-র মঞ্চে তিনি আগেই প্রমাণ করেছেন, ক্যামেরার সামনেও তিনি ঠিক ততটাই সাবলীল, যতটা বাইশ গজে। এবার তার কাঁধে আরও বড় দায়িত্ব— 'বিগ বস বাংলা'-র সঞ্চালনা। তবে এই নতুন যাত্রার ঘোষণার থেকেও বেশি চর্চা হচ্ছে সৌরভের ব্যক্তিগত জীবন নিয়ে করা একটি মন্তব্যকে ঘিরে। প্রশ্ন উঠেছে, মহারাজের জীবনের আসল 'বিগ বস' কে? স্ত্রী ডোনা নাকি কন্যা সানা?

শুক্রবার এই নতুন রিয়েলিটি শো-এর আনুষ্ঠানিক ঘোষণায় সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ। সেখানেই এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, তার জীবনের 'বিগ বস' কে? এমন প্রশ্নের উত্তরে অনেকেই ভেবেছিলেন, হয়তো স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম নেবেন তিনি। কিন্তু সৌরভ সকলকে অবাক করে দিয়ে জানান, তার জীবনের আসল বিগ বস তার মেয়ে সানা।

মহারাজ বলেন, "সানা এখনও সবটা জানে না। আজকের পর খবরটা জানলে সে জিজ্ঞাসা করবে কী হচ্ছে? ওকে আগে পুরোটা বোঝাতে হবে। তারপরই ও কিছু করতে দেবে।" সৌরভের এই উত্তরেই স্পষ্ট, তার জীবনে মেয়ের গুরুত্ব ঠিক কতটা।

কে এই সানা?

বাবার মতো ক্রিকেট বা মা ডোনা গঙ্গোপাধ্যায়ের মতো নাচ, কোনওটিকেই পেশা হিসেবে বেছে নেননি সানা। পড়াশোনায় বরাবরই তুখোড় তিনি। কলকাতার লরেটো হাউস থেকে স্কুলজীবন শেষ করে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক হন।  বর্তমানে তিনি একটি সংস্থায় কনসালট্যান্ট হিসেবে কর্মরত।

নতুন ইনিংস নিয়ে উত্তেজিত দাদা

আগামী সেপ্টেম্বর মাস থেকে 'বিগ বস বাংলা'-র জার্নি শুরু হতে চলেছে। এই নতুন চ্যালেঞ্জ নিয়ে সৌরভ নিজেও বেশ উত্তেজিত। তিনি জানান, "আমার কাছে এটা একদম নতুন ধরনের শো, একেবারে ভিন্ন। আমি যা কিছু করেছি, ভালো করে করার চেষ্টা করেছি। আশা করি এটাও ভালো হবে।" হিন্দি বিগ বসে সলমন খানকে সঞ্চালনা করতে দেখলেও, নিয়মিত শো-টি দেখার সুযোগ হয়নি তার। তবে তার আত্মবিশ্বাসী কণ্ঠই বুঝিয়ে দিচ্ছে, বাংলার দর্শক নতুন রূপে তাঁদের প্রিয় দাদাকে দেখতে চলেছেন।

আসছে বায়োপিকও

ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও আসতে চলেছে সৌরভের জীবনকাহিনী। চলতি বছরের মার্চ মাস থেকেই তার বায়োপিকের শুটিং শুরু হতে চলেছে। সৌরভের চরিত্রে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। এছাড়াও সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য, বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে বোমন ইরানি এবং প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার ভূমিকায় গজরাজ রাওকে দেখা যাবে। তবে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও রহস্যের মোড়কে ঢাকা।

সব মিলিয়ে, নতুন রিয়্যালিটি শো এবং বায়োপিক—দুই মিলিয়ে আগামী দিনে বিনোদন জগতে সৌরভের উপস্থিতি যে জমজমাট হতে চলেছে, তা বলাই বাহুল্য।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর