ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
১২৫

যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে খেলতে প্রস্তুত ইরান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৩ ২৩ এপ্রিল ২০২৬  

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান জাতীয় ফুটবল দল—এমনটাই জানিয়েছে দেশটি।

সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দলের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে।

তিনি জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এসব প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে দলটি প্রতিযোগিতামূলক পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় সব সুবিধা পায়।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও নিশ্চিত করেছেন, ইরান বিশ্বকাপে অংশ নেবে। তিনি বলেন, দলটি ইতোমধ্যে যোগ্যতা অর্জন করেছে এবং চলমান ভূরাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও খেলতে আগ্রহী।

তিনি আবারও উল্লেখ করেন, “খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত।”

গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান, যার মধ্যে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলের ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। আরিজোনার টাকসনে দলের ভেন্যু নির্ধারণ করা হয়েছে।

আঞ্চলিক উত্তেজনার কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে আগে অনিশ্চয়তা ছিল। তেহরানে সম্ভাব্য বয়কটের আহ্বান এবং ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে সরিয়ে নেওয়ার দাবিও উঠেছিল, যা ফিফা নাকচ করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে টুর্নামেন্টে ইরানের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় রেখেও তিনি দলটিকে স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেন।

৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হওয়ার কথা রয়েছে।

 
খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর