ঢাকা, ২৫ নভেম্বর বুধবার, ২০২৬ || ১০ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৪২

রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪২ ২৪ নভেম্বর ২০২৬  

রংপুরে গত আগস্ট মাসে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে পারে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি পুলিশ আজ সন্ধ্যায় বাসস’কে নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত দুই যুবক- সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে এই অভিযোগপত্রে আসামি করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ডিএনএ বিশ্লেষণে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আরপিএমপি’র গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী বাসস’কে জানান, দীর্ঘ তদন্ত এবং  ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণের পর এটি স্পষ্ট হয়েছে যে, গ্রেফতারকৃত ওই দুই ব্যক্তি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

তিনি বলেন, ‘অন্য কারো জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন পর্যন্ত অন্তত ৫০ জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে।’

তিনি আরও জানান, আরপিএমপি’র গোয়েন্দা শাখার কাছে তদন্তভার হস্তান্তরের প্রায় তিন মাস পর এই অভিযোগপত্র দাখিল করা হচ্ছে।

আদালতে চূড়ান্তভাবে অভিযোগপত্র দাখিলের আগে, পুরো তদন্ত প্রক্রিয়াটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হচ্ছে; যার সঙ্গে আদালতের পুলিশ বিভাগও যুক্ত রয়েছে।

সনাতন চক্রবর্তী বলেন, ‘আগামী ৩০ নভেম্বরের মধ্যে যাতে অভিযোগপত্রটি দাখিল করা যায়, সে লক্ষ্যে প্রস্তুতি চলছে।’

এই চার হত্যাকাণ্ডের মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও আরপিএমপি’র গোয়েন্দা শাখার পরিদর্শক মো. জিন্নাত আলী বলেন, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত ঢাকার সিআইডি’র ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল।

তিনি বলেন, ‘পরীক্ষায় বেশ কয়েকটি আলামতে গ্রেফতারকৃত দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে।’

আলামত খেজুরের বিচির ওপর মুগ্ধ দাসের ডিএনএ পাওয়া গেছে, আর শসার টুকরোর ওপর পাওয়া গেছে সিদ্ধার্থ দাসের ডিএনএ।

এছাড়া ঘটনাস্থলে পড়ে থাকা বিড়ির অবশিষ্টাংশে এই দুজনেরই ডিএনএ শনাক্ত হয়েছে।

এর পাশাপাশি, নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় জড়ানো একটি গামছায় কেবল মুগ্ধ দাসের ডিএনএ পাওয়া গেছে।

তিনি জানান, ‘৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর- এই দুই ধাপে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং বিশ্লেষণের জন্য ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়।’

সংগৃহীত নমুনার মধ্যে ছিল খেজুরের বিচি, শসার টুকরো, ফল কাটার ছুরি, ইয়াবা (মেথামফেটামিন) সেবনের কাজে ব্যবহৃত ফয়েল, সিগারেটের অবশিষ্টাংশ, বিড়ি, ওয়াশ বেসিনে পাওয়া দাগ এবং দুই অভিযুক্তের রক্তের নমুনা।

জিন্নাত আলী বলেন, ‘ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধারকৃত আলামত, অভিযুক্তদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনার পর গ্রেপ্তারকৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এই চারটি হত্যাকাণ্ডের পর প্রশ্ন উঠেছিল যে, হত্যাকান্ডের শিকার আগামী চক্রবর্তী ও তার মা প্রীতিলতা চক্রবর্তীকে ধর্ষণ করা হয়েছিল কি না।

তিনি বলেন, ‘এটি নিশ্চিত হওয়ার জন্য মা ও মেয়ের ভ্যাজাইনাল সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তবে পরীক্ষায় ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

তদন্তকারী কর্মকর্তার ভাষ্যমতে, গ্রেপ্তারকৃতরা জানতে পেরেছিল যে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫০-৬০ লাখ টাকা তুলে বাড়িতে রেখেছেন।

এছাড়া বাড়িতে স্বর্ণালঙ্কারও রয়েছে বলে তারা ধারণা করেছিল।

তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলী বলেন, ‘এই সম্পদ লুটের উদ্দেশে তারা পাশের বাড়ির ছাদ টপকে ওই বাড়িতে প্রবেশ করে। এরপর তারা পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করে।’

এর আগে, রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থি (২৫) এবং ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়ম (১২)-কে তাদের বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

২২ আগস্ট রাতে রংপুর শহরের মাছুয়া পাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে পুলিশ তাদের পচাগলা মরদেহ উদ্ধার করে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরদিন মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে, একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।

পরে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত দুই আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

এই হত্যা মামলার ঘটনায় আসামিদের বন্ধু সীমান্ত দাস, দখিগঞ্জ শ্মশানঘাটের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ মহন্ত এবং শান্ত দাস ওরফে ‘পুটি শান্তা’ নামে এক মাদক সরবরাহকারীসহ বেশ কয়েকজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

গ্রেপ্তারকৃত দুই আসামি বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর