ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৩৫৪

রাহুলের মৃত্যু নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কাকে, পাশে দাঁড়ালেন জয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৯ ৩১ মার্চ ২০২৬  

অল্প বয়স থেকেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিভিশনের নানা মেগায় কাজ করতেন প্রিয়াঙ্কা সরকার। পরে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চিরদিনই তুমি যে আমার…’ ছবি উপহার দেন তারা। সেটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়।

এসব কাজের মাঝেই একে অপরের প্রেমে পড়েন এই জুটি। মাত্র ১৯ বছর বয়সে রাহুলকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। মাঝে সম্পর্কে সমস্যা দেখা দেওয়ায় অনেকটা সময় আলাদা ছিলেন তারা। কিন্তু পরে ছেলে সহজের জন্য এক হন।

তবে একসঙ্গে বেশিদিন থাকা হল না তাদের। ইতোমধ্যে পরপারে পাড়ি জমিয়েছেন রাহুল। মেগার শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারিয়েছেন তিনি। ফলে মাত্র ৩৫-এ বৈধব্য যন্ত্রণার শিকার হলেন প্রিয়াঙ্কা। তবু ছেলের মুখ চেয়ে সবটা সামলে নেওয়ার আপ্রাণ প্রচেষ্টা করছেন তিনি। তাতেই কটাক্ষের শিকার অভিনেত্রী।

কেন প্রিয়াঙ্কার চোখে পানি নেই? কেন চুল পরিপাটি করে আঁচড়ানো? স্বামীর মৃত্যুর পর বাড়ি থেকে যাওয়ার সময় গাড়িতে বসে কেন চুল ঠিক করছেন তিনি? সেসব নিয়ে নেটিজেনদের একাংশের কুরুচিকর ট্রোলের শিকার অভিনেত্রী। 

কিন্তু এই কটাক্ষ কি প্রিয়াঙ্কার প্রাপ্য? সেই প্রশ্ন ছুড়ে দিয়ে নেটদুনিয়ায় আরেক অংশ তার পাশে রয়েছেন। এবার অভিনেত্রীর পাশে দাঁড়ালেন দুই ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সোমবার রাহুলের সঙ্গে কাজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জয়া লেখেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়… এক অপরিসীম মগ্ন মানুষ, চিরনিদ্রায় অনন্য শিল্পী… এ যেন ভাবতেই পারা যায় না….। তার সঙ্গে আলাপ অনেক আগেই, ‘ঝরা পালক’- এর সময় প্রথম এবং শেষ কাজ করা একসঙ্গে।

তিনি লেখেন, কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছিলেন অরুণোদয়, চেহারায় হয়তো মিল নেই, তবু যখন তার সঙ্গে অভিনয় করলাম, মনে হলো জীবনানন্দের কবিতার এক নির্বিঘ্ন স্রোত ওর অন্তরে প্রবাহিত। সেই পরিচয় থেকেই শিল্পী হিসেবে অরুণোদয়ের গভীরতা আমায় মুগ্ধ করেছে।

অভিনেত্রী লেখেন, অভিনয়ে, কথায়, আদর্শে, লেখনীতে যে অরুণোদয় নির্মেদ, মায়াময়, স্পষ্ট ও চিরন্তন, সেই অরুণোদয়কে মনে করে যেতে চাই প্রতি মুহূর্তে।

এরপর প্রিয়াঙ্কার প্রসঙ্গ টেনে জয়া লেখেন, প্রিয়াঙ্কা, তুমি লড়াইয়ের সমনাম, আজকের এই ঝড়ঝাঁপটার দিনে সামলে থেকো, আগলে রেখো সহজকে।

শেষ তিনি লেখেন, অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন।

 
বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর