ঢাকা, ৩০ জুন মঙ্গলবার, ২০২৬ || ১৬ আষাঢ় ১৪৩৩
good-food

আমরাও বাংলাদেশকে ভীষণ ভালোবাসি: ব্রাজিল গোলরক্ষক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৭ ৩০ জুন ২০২৬  

বিশ্বকাপে দল হিসেবে নেই বাংলাদেশ। তবে সমর্থকদের উন্মাদনায় বারবার আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে দেশটি। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিটি ম্যাচের পর বাংলাদেশের সমর্থকদের উদ্‌যাপন আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশের এই ফুটবলপ্রেমের খবর পৌঁছে গেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলোয়াড়দের কাছেও। এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন। এবার জাপানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার।

গতকাল রাতে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ব্রাজিল। জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই জয়ের আনন্দে মেতে ওঠেন বাংলাদেশের ব্রাজিল-সমর্থকরাও।

ম্যাচ শেষে টি স্পোর্টসকে আলিসন বলেন, “ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থন করার জন্য। আমি বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।”

জাপানের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়া ব্রাজিলকে সমতায় ফেরান কাসেমিরো। ম্যাচ শেষে তিনিও মিক্সড জোনে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বলেছিলেন, “আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি সেখানে গিয়েছি। আমি জানি, বাংলাদেশের মানুষ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের প্রতি আমার অনেক ভালোবাসা।”

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট। অন্যদিকে আর্জেন্টিনা শেষ ৩২-এর ম্যাচে আগামী ৪ জুলাই কেপ ভার্দের মুখোমুখি হবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর