ঢাকা, ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ১৩ ফাল্গুন ১৪৩২
good-food
৩২

দলে ফিরতে সাকিবকে কঠিন শর্ত নির্বাচকদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৮ ২৫ ফেব্রুয়ারি ২০২৬  

দীর্ঘ ১৮ মাস ‘নির্বাসনে’ থাকার পর অবশেষে সাকিব আল হাসানের দেশে ফেরার পথ সুগম হচ্ছে। আইনি জটিলতা ও রাজনৈতিক বাস্তবতায় এতদিন প্রবাসে থাকলেও, বিসিবি ও সরকারের ইতিবাচক সংকেতে তার ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র। তবে ভক্তদের মনে প্রশ্ন—দেশে ফিরলেই কি সাকিব সরাসরি জাতীয় দলে ঢুকতে পারবেন?

শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সাবেক এমপি হিসেবে সাকিব দেশে ফেরার ক্ষেত্রে বাধার মুখে পড়েন। বিশেষ করে তার বিরুদ্ধে থাকা একটি হত্যা মামলা বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। 

সাম্প্রতিক খবর অনুযায়ী, বিসিবি সাকিবের প্রয়োজনীয় কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত মিললে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে নির্দোষ প্রমাণের মাধ্যমে দেশে আনা হতে পারে।

সাকিব সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে টি-টোয়েন্টি ও টি-টেন লিগ খেলেছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ধকল সইবার মতো ফিটনেস তার আছে কি না, সেটি নিয়ে প্রশ্ন আছে। বিসিবির নীতি নির্ধারকদের মতে, কেবল নাম বা অতীত রেকর্ডের ওপর ভিত্তি করে তাকে দলে নেওয়া হবে না। অন্য যেকোনো ক্রিকেটারের মতো তাকেও নির্বাচকদের সামনে নিজের ফিটনেস ও দক্ষতার প্রমাণ দিতে হবে।

ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম স্পষ্ট করেছেন, সাকিবের ক্ষেত্রেও বিসিবির প্রচলিত নিয়ম বজায় থাকবে। তিনি বলেন, “নির্বাচকদের আস্থা অর্জন এবং ফিজিওর ফিটনেস সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। নেটে ব্যাটিং-বোলিং এবং শারীরিক সক্ষমতা যাচাইয়ের পরই তার অন্তর্ভূক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাকিবের ফেরার এই বিশেষ প্রক্রিয়াটি তদারকি করতে পারেন বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার চুক্তির মেয়াদ শেষ হলেও বিসিবির অনুরোধে তিনি আরও এক মাস দায়িত্ব পালন করবেন। 

আগামী ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে সাকিব খেলবেন কি না, সেটি মূলত লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের মূল্যায়নের ওপর নির্ভর করছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর