ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
২৫৮

ফের আইপিএলে আউট বিতর্ক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৫ ১০ এপ্রিল ২০২৬  

আইপিএলে ম্যাচে বৃহস্পতিবার ইডেনে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় তুলে নেয় লখনৌ। তবে ফের প্রশ্নের মুখে আম্পায়ারিং। নাইটরা হারলেও লড়াকু ইনিংস খেলেছেন অজিঙ্কা রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী। রান পেয়েছেন ক্যামেরন গ্রিন, রোভমান পাওয়েলরা।

তবে ওপেনে নেমে ফের ব্যর্থ ফিন অ্যালেন। মাত্র ৯ রান করে আউট হন। কিন্তু আদৌ কি তিনি আউট ছিলেন? কারণ তার ক্যাচ ধরার সময়ে বাউন্ডারি লাইনে লখনৌর ফিল্ডার দিগ্বেশ রাঠির পা ঠেকেছিল বলে দাবি উঠেছে। তবুও আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার। এই ঘটনা নিয়েই বাড়ছে বিতর্ক।

ম্যাচের দ্বিতীয় ওভারেই ঘটে এই ঘটনা। দুটি বাউন্ডারি মেরে ৯ রানে ব্যাটিং করছিলেন ফিন অ্যালেন। প্রিন্স যাদবের হার্ড লেংথের বলে বড় শট খেলতে যান। ব্যাটের কানায় লেগে ক্যাচ ওঠে। ডিপ থার্ডম্যান অংশে ফিল্ডিং করছিলেন দিগ্বেশ রাঠি। দুই/তিন পা পিছিয়ে ক্যাচ ধরেন তিনি। বেশি চিন্তা না করে আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার। অ্যালেন বা রাহানে কেউই এই সিদ্ধান্ত নিয়ে আবেদনও করেননি।

কিন্তু পরে একাধিক রিপ্লেতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, বাউন্ডারি লাইনে পা ঠেকেছিল দিগ্বেশের। তবে দ্রুত মাঠের ভিতরে সরে আসেন তিনি। এই ঘটনা নিয়েই চলছে বিতর্ক।

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কেকেআর এর ভক্ত ও ক্রিকেটপ্রেমীরা। একটা ওয়াইড বল সঠিক কি না, সেটা দেখার জন্য যথেষ্ট সময় দেন আম্পায়াররা। কিন্তু অ্যালেনকে আউট দেওয়ার এই সিদ্ধান্ত কেন খতিয়ে দেখা হলো না সেই প্রশ্ন উঠছে। এর পাশাপাশি কেন রিপ্লে দেখলেন না থার্ড আম্পায়াররা, সেটা নিয়েও বাড়ছে জল্পনা।

তবে এই প্রথম নয়। চলতি আইপিএলে প্রথম ম্যাচেই ফিল সল্ট যেভাবে হেনরিখ ক্লাসেনের ক্যাচ নিয়েছিলেন, তা নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। বৃহস্পতিবার কেকেআর এর হারের পরে অ্যালেনের এই বিতর্কিত আউট নিয়ে বিতর্ক আরও বাড়ছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর