ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
১৪৯

বাংলাদেশের কাছে হারলে জরিমানা গুণতে হবে লঙ্কানদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩০ ২৬ এপ্রিল ২০২৬  

এতদিন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দলের বিপক্ষে জিতলে বোনাস পেতেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। তবে এখন থেকে এই বোনাস থাকছে না। শুধু শীর্ষ ৪ দলের বিপক্ষে জিতলে তবেই বোনাস পাবেন লঙ্কানরা। তবে জিতলেই হবে না। বোনাস পেতে জিততে হবে সিরিজও। 

শীর্ষ চার দলের যে কাউকে হারালে মোটা অঙ্কের বোনাস পাবেন লঙ্কানরা। তবে ঘরের মাঠে সিরিজ জিতলে সেই বোনাসের অঙ্ক থাকবে কম।

এ তো গেল বোনাসের বিষয়। আর সিরিজ হারলে? তখন উল্টো দিতে হবে জরিমানা। কয়েকদিনের মধ্যেই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এই প্রস্তাব ক্রিকেটারদের কাছে উপস্থাপন করা হবে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। 

অ্যাওয়ে টেস্ট সিরিজে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে হারাতে পারলে দেড় লাখ ডলার, ২ নম্বর দলকে হারালে ১ লাখ ডলার, ৩ নম্বর দলকে হারালে ৭৫ হাজার ডলার এবং ৪ নম্বর দলকে হারালে ৬০ হাজার ডলার বোনাস দেওয়া হবে।

আর হোম টেস্ট সিরিজে সেটি যথাক্রমে ১ লাখ ডলার, ৭৫ হাজার ডলার, ৫০ হাজার ডলার এবং ২৫ হাজার ডলার করে।

ওয়ানডে সিরিজে ১ নম্বর দলের বিপক্ষে অ্যাওয়ে দেড় লাখ ও হোমে ৭৫ হাজার, ২ নম্বর দলের বিপক্ষে অ্যাওয়ে ১ লাখ ও হোমে ৫০ হাজার, ৩ নম্বর দলের বিপক্ষে অ্যাওয়ে ৮০ হাজার ও হোমে ৪০ হাজার এবং ৪ নম্বর দলের বিপক্ষে অ্যাওয়ে ৭০ হাজার ও হোমে ৩৫ হাজার ডলার বোনাস পাওয়া যাবে। 

টি-টোয়েন্টিতে হোম ও অ্যাওয়ে—দুই সিরিজেই জিতলে সমান বোনাস পাওয়া যাবে। যা ওয়ানডে সিরিজের অ্যাওয়ে সিরিজ জয়ের বোনাসের সমতুল্য।

টেস্টে ম্যাচ জিতলে ম্যাচ ফি হবে ১৫ হাজার ডলার। ড্র করলে তা কমে হবে ১০ হাজার ডলার। আর ম্যাচ হারলে হবে সাড়ে ৭ হাজার ডলার। 

ওয়ানডে জয়ের জন্য সাড়ে ৭ হাজার ডলার, হারলে সাড়ে ৩ হাজার ডলার এবং ম্যাচ পরিত্যক্ত হলে বা ফলাফল না এলে মিলবে ৩ হাজার ডলার। টি-টোয়েন্টিতে প্রতি জয়ের জন্য ম্যাচ ফি ৫ হাজার ডলার, হারলে আড়াই হাজার ডলার আর ফলাফল না এলে ২ হাজার ডলার দেওয়া হবে। 

যার কারণে হার এড়ানোর পাশাপাশি বৃষ্টির কারণে ম্যাচ যেন পণ্ড না হয়, সেই প্রার্থনাও করতে হবে লঙ্কানদের। এ ছাড়া কোনো ক্রিকেটার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলে তাকে এককালীন ২৫ হাজার ডলার আর শীর্ষ পাঁচের অন্য চারটি অবস্থানে থাকলে এককালীন ২০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

বর্তমানে টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা আছে ৬ নম্বরে। আর টি-টোয়েন্টিতে ৮ নম্বরে। আর বাংলাদেশ তিন সংস্করণেই আছে ৯ নম্বরে। যার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও বোনাস পাবে না লঙ্কানরা।  

 
খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর