ঢাকা, ১৬ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
১৮৩

রণবীরের পরবর্তী চমক ‘ধুম ৪’ নাকি ‘ব্রহ্মাস্ত্র ২’?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০১ ২২ এপ্রিল ২০২৬  

বলিউডে এখন রণবীর কাপুরের সুবর্ণ সময়! একদিকে নীতেশ তিওয়ারির মেগাপ্রজেক্ট ‘রামায়ণ’, অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সব মিলিয়ে তুমুল ব্যস্ত তিনি। তবে ভক্তদের আসল কৌতূহল হলো, এরপর কী?

পিঙ্কভিলার এক প্রতিবেদন বলছে, ২০২৬ সালের অক্টোবরের মধ্যেই বর্তমান প্রজেক্টগুলোর কাজ গুছিয়ে আনবেন রণবীর। এরপর বহু প্রতীক্ষিত ‘অ্যানিমেল পার্ক’ -এর শুটিং শুরুর আগে মাঝের সময়টায় নতুন একটি ধামাকা নিয়ে আসতে চাইছেন তিনি। আর এই দৌড়ে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দুটি মেগা ফ্র্যাঞ্চাইজির নাম- অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র ২’ এবং যশরাজ ফিল্মসের ‘ধুম ৪’।

ঘনিষ্ঠ সূত্রের খবর, রণবীর দুটি ছবিরই প্রাথমিক ধারণা বা ‘আইডিয়া’ শুনেছেন এবং দুটির দুনিয়াই তার বেশ পছন্দ হয়েছে। কিন্তু তিনি এখন খুব বুঝেশুনে পা ফেলছেন। যতক্ষণ না হাতে সম্পূর্ণ ও চূড়ান্ত চিত্রনাট্য আসছে, ততক্ষণ কাউকে সবুজ সংকেত দিচ্ছেন না এই তারকা।

ধুম ৪ ছবিটি ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে থাকলেও প্রজেক্টটি এখনও একদম আঁতুড়ঘরেই আছে। এমনকি ছবিটির গুরুদায়িত্ব কোন পরিচালকের কাঁধে পড়বে, সেটাই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি!

অন্যদিকে ব্রহ্মাস্ত্র ২ এর কাস্টিং নিয়ে চলছে বড়সড় রদবদল। সিক্যুয়েলে ‘অমৃতা’ চরিত্রে দীপিকা পাডুকোনের অভিনয়ের কথা ছিল। কিন্তু গুঞ্জন রয়েছে, দীপিকা দ্বিতীয় সন্তানের মা হতে চলায় নির্মাতারা এখন এই মেগা চরিত্রের জন্য নতুন কোনো নায়িকার সন্ধানে আছেন।

জটিলতা থাকলেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী ‘ব্রহ্মাস্ত্র ২’-এর দিকেই পাল্লা ভারী। তবে সূত্র বলছে, বলিউডের সমীকরণ বদলাতে তো আর সময় লাগে না! তাই ফ্লোরে যাওয়ার আগে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর সব কিছু ঠিকঠাক মেলাটা জরুরি।

আশা করা হচ্ছে, ২০২৬ সালের জুনের মধ্যেই চূড়ান্ত চিত্রনাট্য রণবীরের টেবিলে পৌঁছে যাবে এবং সব ধোঁয়াশা কেটে যাবে। এই প্রজেক্টটি শেষ করেই ২০২৭ সালের শেষ দিকে পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘অ্যানিমেল পার্ক’-এর সেই ভয়ংকর দুনিয়ায় আবারও পা রাখবেন তিনি। এ নিয়ে পরিচালকের সঙ্গে রণবীরের কয়েক দফা আলোচনাও ইতোমধ্যে শেষ!