ঢাকা, ১৮ জুলাই শনিবার, ২০২৬ || ৩ শ্রাবণ ১৪৩৩
good-food
১১৪

শিশুকে ধর্ষণের পর হত্যা: ১ সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২৮ ২১ মে ২০২৬  

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

বৃহস্পতিবার ডিএমপি কমিশনারকে এ নির্দেশ দেওয়া হয়।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে লোমহর্ষক এই হত্যাকাণ্ডের বিচারকাজ সম্পন্ন করতে যথাযথ সব ধরনের আইনি উদ্যোগ নেওয়া হবে।

আদালত ও পুলিশ সূত্র জানায়, ঘটনার মূল আসামি সোহেল রানা বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি শিশুটিকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেন। 

একই সঙ্গে অপরাধ গোপন ও মরদেহ সরিয়ে ফেলার উদ্দেশ্যে তিনি লাশ খণ্ডবিখণ্ড করার চেষ্টা করেছিলেন বলেও জানান। 

জবানবন্দি শেষে আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই জানালার গ্রিল ভেঙে মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যান। 

তবে পুলিশ ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। পরে ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এই নৃশংস ঘটনার পর গত মঙ্গলবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, তার কন্যাসন্তানটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।