ঢাকা, ০১ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
২১৫

শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৫ ৭ জুন ২০২৬  

ঈদে মুক্তি পাওয়া নির্মাতা সাইফ চন্দনের অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘মালিক’ প্রেক্ষাগৃহে বেশ সাড়া ফেলছে। বিশেষ করে দীর্ঘ বিরতির পর পর্দায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের রসায়ন দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে। এবার সেই প্রিয় তারকাদের সঙ্গে বসেই সিনেমাটি দেখার বিশেষ সুযোগ পেতে যাচ্ছেন ১০ জন ভাগ্যবান দর্শক।

সিনেমাটির জনপ্রিয় আইটেম গান ‘গুলগুলি পিঠা’ নিয়ে একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করেছেন সংশ্লিষ্টরা। এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে গানটি ব্যবহার করে টিকটক ভিডিও বা ফেসবুক রিলস তৈরি করতে হবে। ভিডিওতে নাচ, অভিনয় কিংবা যেকোনো ধরনের সৃজনশীল কাজ দেখানো যেতে পারে।

ভিডিওর সৃজনশীলতা এবং ভিউ বা জনপ্রিয়তার ওপর ভিত্তি করে সেরা ১০ জন বিজয়ীকে বেছে নেওয়া হবে। বিজয়ীদের জন্য আয়োজন করা হবে ‘মালিক’-এর একটি বিশেষ প্রদর্শনী। সেখানে তারা নায়ক-নায়িকা ও সিনেমার কলাকুশলীদের সঙ্গে বসে ছবিটি উপভোগ করতে পারবেন।

আগ্রহীদের আগামী ৮ জুন, সন্ধ্যা ৬টার মধ্যে তাদের ভিডিও আপলোড করতে হবে।

শনিবার রাতে ভক্তদের এই সুখবর দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন মিম। তিনি লেখেন, “সিনেমাটির প্রতি আপনাদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। সেই আনন্দকে আরও বিশেষ করে তুলতেই এই ‘গুলগুলি পিঠা’ চ্যালেঞ্জ। আমি আপনাদের দারুণ সব ভিডিও দেখার অপেক্ষায় থাকব।”

উল্লেখ্য, ‘মালিক’ সিনেমায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু এবং আরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর