ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
২৭৮

সন্তানের মৃত্যু, স্বামীর অত্যাচার নিয়ে মুখ খুললেন সেলিনা জেটলি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৪ ৬ এপ্রিল ২০২৬  

জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। একদিকে নিজের এক সন্তানের অকালমৃত্যুর শোক, অন্যদিকে স্বামী পিটার হাগের পাশবিক অত্যাচার সব মিলিয়ে দীর্ঘ সময় ধরে এক নীরব যুদ্ধে লড়ছেন তিনি। গার্হস্থ্য হিংসার শিকার হয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি মানসিক ট্রমা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের যন্ত্রণার দিনগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে তিনি জানিয়েছেন, কীভাবে এই কঠিন পরিস্থিতি পেরিয়ে নিজেকে সারিয়ে তুলছেন এবং স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বেশ কয়েকটি হাসিমুখের ছবি শেয়ার করে সেলিনা লিখেছেন, “আমি ধীরে ধীরে সেরে উঠছি। আপনারা সেই রাতগুলো দেখেননি যখন আমি একা কেঁদেছি। আপনারা সেই দিনগুলো দেখেননি যখন আমি একা ছিলাম। আপনারা জানেন না কতবার আমি নিজের উপর আস্থা হারিয়েছি। আমি নীরবে যুদ্ধ করেছি যা কেউ লক্ষ করেনি। আমি একা বাঁচতে শিখেছি। তাই এখনের এই হাসি খুব একটা সহজ ছিল না।”

যারা কষ্ট বা মানসিক আঘাত নিয়ে লড়াই করছেন, তাদের উদ্দেশে সেলিনা পরামর্শ দিয়েছেন, নিজেকে সময় দিতে এবং প্রথমে সেরে ওঠার দিকে মন দিতে। প্রতিদিন একটু একটু করে আত্মবিশ্বাসী হওয়ার সিদ্ধান্ত নিলেই একসময় এই যন্ত্রণা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন তিনি।

প্রায় চার মাস আগে মুম্বাইয়ের একটি আদালতে অস্ট্রেলীয় স্বামী পিটার হাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সেলিনা। সেখানে স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনসহ ১৫টি গুরুতর অভিযোগ এনেছেন তিনি। তার করা অভিযোগগুলো শিউরে ওঠার মতো। সেলিনার দাবি, ২০১২ সালে দিল্লির নির্ভয়া কাণ্ডের মতো তার গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন পিটার। শুধু তাই নয়, জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা ছাড়াও, ২০১৪-১৫ সাল নাগাদ কোম্পানির বোর্ড ডিরেক্টরদের সঙ্গে যৌন সম্পর্ক তৈরিতেও পিটার তাঁকে চাপ দিতেন বলে অভিযোগে উল্লেখ করেছেন অভিনেত্রী।

২০১২ সালে যমজ সন্তানের মা হন সেলিনা জেটলি। এরপর ২০১৭ সালে হার্টের জটিল সমস্যার কারণে তাদের এক সন্তানের মৃত্যু হয়।

২০১০ সালে পিটার হাগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সেলিনা জেটলি। তাদের ঘরে তিন ছেলে রয়েছে। ২০১২ সালে তিনি যমজ সন্তানের মা হন। এরপর ২০১৭ সালে হার্টের জটিল সমস্যার কারণে তাদের এক সন্তানের মৃত্যু হয়। সন্তানের মৃত্যুর সেই শোক কাটিয়ে ওঠার আগেই স্বামীর এমন অমানবিক অত্যাচারে দিশেহারা হয়ে পড়েন তিনি। বর্তমানে বিবাহবিচ্ছেদের পাশাপাশি সন্তানদের অভিভাবকত্ব পেতেও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী।

 
বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর