ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
২৯৯

সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায়: শাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২২ ১৯ মে ২০২১  

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের পাশে দাঁড়িয়েছেন বিনোদন জগতের অনেক তারকা। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন তিনি।

 

বুধবার শাকিব খান লেখেন, ‘দুদিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি। দেশ ও বিশ্ব গণমাধ্যমে তাঁকে ঘিরে তৈরি প্রতিবেদনগুলো পড়ছি আর ভাবছি, আমার সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে!’

 

একজন সৎ সংবাদকর্মী কখনেই রাষ্ট্রের প্রতিপক্ষ নন জানিয়ে ঢাকাই চলচ্চিত্রের কিং খান লেখেন, ‘বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়।’

 

তিনি লেখেন, ‘দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে রোজিনা ইসলাম দেশে ও দেশের বাইরে থেকে পেয়েছেন একাধিক পুরস্কার। এখন পর্যন্ত তিনি যেসব অসঙ্গতি, দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছেন, সেগুলোর সবই কাঠখড় পুড়িয়ে বের করে আনা তথ্য। যা বস্তুনিষ্ঠ এবং জনগণের মঙ্গলময়। কিন্তু সুসাংবাদিকতা করতে গিয়ে রোজিনা যেভাবে হেনস্তার শিকার হয়েছেন তা মোটেও কাম্য নয়।’

 

এতে স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করা হয়েছে বলে মনে করেন শাকিব। আদালতের মাধ্যমে রোজিনা ইসলাম যেন শতভাগ ন্যায়বিচার পান সেই কামনা করছেন তিনি।